অন্যকলাম
রোনালদো ও জোন্সক্রিস্টিয়ানো রোনালদো আর ডিন জোন্সের মধ্যে মিল কী? পুরোটা না শুনে হা রে রে করে তেড়ে আসবেন না। মিল খোঁজাটা বোকামি বৈকি। একজন ফুটবলার, অন্যজন ছিলেন ক্রিকেটার। একজন ২৫ বছরের তরুণ, অন্যজনের বয়স ৪৯। একজন পর্তুগালের, অন্যজন অস্ট্রেলিয়ার...হাজারো অমিলের একটা মিলও পাওয়া গেল। রোনালদোর মতো জোন্সও মায়ের পরিচয়হীন এক সন্তানের বাবা! রোনালদো বাবা হয়েছেন সপ্তাহ তিনেক আগেই। জোন্স বিশ্ববাসীকে সুসংবাদটি দিতে পেরেছেন পরশু রাতে। কারণ পরশু রাতেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সিডনির এক অজ্ঞাত মহিলা। জোন্স গর্বের সঙ্গেই ঘোষণা করেছেন, এই সন্তানের বাবা তিনি। এও বলেছেন, সিডনির ওই মহিলার সঙ্গে তাঁর ‘অস্থিতিশীল’ সম্পর্কের ফসল এই সন্তান। ওয়েবসাইট।মায়ের মনসন্তানের দেখভাল করা সব মায়েরই দায়িত্ব। নিজে পছন্দ করে মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছেন—এমন উদাহরণও অনেক আছে। কিন্তু মা নিজে বাছবিচার করে ছেলের জন্য প্রেমিকা খুঁজছেন—এটা বিরলই। তাও আবার প্রেমিকা খুঁজতে মা কিনা হাজির হচ্ছেন টিভি অনুষ্ঠানে! হয়েছে কী, ইংলিশ স্ট্রাইকার জার্মেইন ডিফোকে ছেড়ে চলে গেছেন তাঁর প্রেমিকা রক্সি টাউনসেন্ড। বিরহকাতর ছেলেকে দেখে মায়ের মন কেঁদে উঠেছে। আর তাই এবার জার্মেইনের মা স্যান্ড্রা নিজেই দেখেশুনে একটা ভালো মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, যে হবে ডিফোর যোগ্য সঙ্গিনী। সেই সঙ্গিনী খুঁজতে স্যান্ড্রা যাচ্ছেন ‘ব্লাইন্ড ডেট’ নামের টিভি অনুষ্ঠানে। ওয়েবসাইট।উটকো ইনজুরিইনজুরিতে পড়েছেন সেরেনা উইলিয়ামস। হার্ডকোর্টের আগামী তিনটি টুর্নামেন্টে খেলা হবে না তাঁর...ভাবছেন এই নীরস সংবাদ অন্যকলামে কেন? কারণ টেনিস তারকার ইনজুরিতে পড়ার কারণ। এমনিতেই যেকোনো খেলোয়াড়েরই ছায়াসঙ্গী ইনজুরি। সেরেনা নিজেও অনেকবারই চোট নিয়ে ছিটকে গেছেন কোর্টের বাইরে। এবারের ইনজুরি একেবারেই অপ্রত্যাশিত। এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেই ভাঙা কাচের টুকরা ঢুকেছে তাঁর পায়ের পাতায়। সেরেনা খালি পায়ে হাঁটাহাঁটি করেন কি না—এই প্রশ্নের কোনো উত্তর মিলছে না। তবে এটা জানা গেছে, আগস্টে শুরু ইউএস ওপেনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে তাঁর এই উটকো ইনজুরি। এএফপি।