অন্যকলাম
গরিব বেকহামভাই তাঁর বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের একজন। যাঁর সাপ্তাহিক আয় ৬ লাখ পাউন্ডের মতো। সেই ডেভিড বেকহামের বোন কিনা নিদারুণ অর্থকষ্টে দিন কাটাচ্ছেন! তিন সন্তানের জননী লিনে বেকহাম ব্রিটিশ সরকারের কাছে বেকার ভাতার জন্য আবেদনও করেছেন। আবেদন মঞ্জুর হলে প্রতি সপ্তাহে এই ৩৮ বছর বয়সী নারীকে দেওয়া হবে ১৬৪ পাউন্ড। যা কিনা বেকহামের দুই সেকেন্ডের আয়ের চেয়েও কম! সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বেকহামের বোনের দুঃখকষ্ট নিয়ে খবর ছাপার পর দারুণ শোরগোল। তবে কোটিপতি ভাইয়ের প্রতি কোনো অভিযোগ নেই লিনের। ভাই যে তাঁকে ১২ বছর আগে বাড়ি কিনে দিয়েছেন, দৈনন্দিন খরচাপাতিও দেন। এমনকি ফোনের বিলও। ওয়েবসাইট।শিল্পী ডি ভিলিয়ার্সপ্রবল প্রতিপক্ষ হিসেবে ব্রেট লিকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। লি বোলার, ডি ভিলিয়ার্স ব্যাটসম্যান। দুজনের লড়াই তো পুরোনো। এ আর নতুন কী! নতুন, কারণ লড়াইয়ের ক্ষেত্রটা তো আর ক্রিকেট মাঠ নয়, সংগীত দুনিয়া! সম্প্রতি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানেরও গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। লি যখন তাঁর নতুন ব্যান্ডদল ‘হোয়াইট শু থিওরি’ নিয়ে ভারত সফরের পরিকল্পনা করছেন, তখনই বাজারে এল ‘মেক ইওর ড্রিমস ট্রু’ (তোমার স্বপ্নগুলো সত্যি করো) শিরোনামের একটি অ্যালবাম। এরই মধ্যে এই অ্যালবামটি দারুণ সাড়া ফেলেছে দক্ষিণ আফ্রিকায়। রেডিওতে হরদম বাজছে ডি ভিলিয়ার্সের গান। ওয়েবসাইট।এবার বাটপাকিস্তানের ক্রিকেটের সঙ্গে সেই দেশের সংসদীয় সিনেট কমিটির ‘প্রেমময়’ সম্পর্কের কথা সবার জানা। বেশি দিন বিরহ সয় না সিনেট কমিটির। আর তাই দুই দিন পর পর পাকিস্তানের ক্রিকেটের কারও না-কারও দর্শন চেয়ে পত্র পাঠানো হয়। অনেক রথী-মহারথীর পদধূলি পড়েছে। এবার পড়তে যাচ্ছে খোদ ইজাজ বাটের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নিজেই আসলে নিজের পায়ে কুড়াল চালিয়েছেন। সিনেটের কয়েক সদস্যের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এমন কিছু বলেছেন, সেটি হজম করতে কষ্ট হচ্ছে। ‘তিনি কেন এসব কথা বলেছেন এর যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে তাঁকে ছাঁটাইয়ের জন্য আমরা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠাব’—সিনেটের এক সদস্যের সতর্কবার্তা। ওয়েবসাইট।