অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-তেল্লি!
‘অবশেষে সত্যিটা জানা গেল, পিয়া, আমার মিষ্টি মেয়ে...।’—পরশু মারিও বালোতেল্লির এই টুইট দেখে সবাই নিশ্চয়ই চমকে গেছেন। ইতালিয়ান স্ট্রাইকারের আবার মেয়ে হলো কবে? মেয়ের বয়সও আবার এক বছরের বেশি হয়ে গেছে। তাহলে এত দিন পরে কেন মেয়েকে নিয়ে টুইট? মজাটা এখানেই। মডেল রাফায়েল্লা ফিকোর সঙ্গে সম্পর্কটা আগেই চুকেবুকে গেছে। এত দিন বালোতেল্লি সন্তানের পিতৃত্বও স্বীকার করেননি। কিন্তু এই ফিকোর গর্ভেই পিয়া এসেছে ২০১২ সালের ডিসেম্বরে। পিতৃত্ব অস্বীকার করায় ডিএনএ পরীক্ষার মুখোমুখি হতে হতো বালোতেল্লিকে। তবে পরীক্ষায় দাঁড়ানোর আগে ‘সুপার মারিও’ নিজেই অবসান ঘটালেন সব ‘সংশয়ের’। ওয়েবসাইট।
এমন ঠাট্টা!
রম্য ম্যাগাজিনে একটু ঠাট্টা-তামাশা হবেই। কিন্তু কৌতুকটা মাত্রা ছাড়িয়ে গেলেই সমস্যা। জার্মান ম্যাগাজিন টাইটানিক-এর এমন এক ঠাট্টাই জার্মানিতে তুলেছে তোলপাড়। পত্রিকাটি ফর্মুলা ওয়ান কিংবদন্তি নিকি লাউডার একটা ছবি ছেপেছে প্রচ্ছদে। সাধারণ ছবি নয়, দুর্ঘটনার পর লাউডার দগ্ধ মুখের। নিচে ক্যাপশন, ‘দুর্ঘটনার পর শুমাখারকে এমন দেখাবে!’ এই মাত্রাজ্ঞানহীন কাণ্ডে খেপেছে সবাই। কিন্তু টাইটানিক আবার ব্যঙ্গ করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছেপে ক্ষমা চেয়েছে। কে জানে, এখন সংখ্যাটা নিষিদ্ধই হয় কি না! এটা অবশ্য নতুন কিছু হবে না, ১৯৭৯ সালের পর এখন পর্যন্ত টাইটানিক-এর ৩৫টি সংখ্যা নিষিদ্ধ হয়েছে! ওয়েবসাইট।
দুই বন্ধু
মেজর লিগ সকারে দল কিনছেন ডেভিড বেকহাম। এটা পুরোনো খবর। নতুন খবর, বেকহামের সঙ্গে জোট বাঁধতে পারেন আরেকজন মহারথী। তিনি অবশ্য ফুটবলের নন, বাস্কেটবলের লোক—লেব্রন জেমস। কিন্তু মায়ামি হিটের এই খেলোয়াড় ফুটবল অনুরাগী। লিভারপুলের আংশিক মালিকানাও কিনে নিয়েছেন আগে। বেকহাম এখন চাইছেন জেমসও তাঁর সঙ্গে যোগ দিন। দুজনের মধ্যে অনেক দিন থেকে এ নিয়ে কথাও হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি কিনতে আড়াই কোটি ডলারের মতো লাগবে। একজন অংশীদার পেলে ভালো হয় বেকহামের। আর সেটা যদি হয় কোনো বন্ধু, তাহলে তো সোনায় সোহাগা! এএফপি।