অন্যকলাম
বক্তা বেশি...ক্রীড়া প্রতিবেদক: ইফতারের সময় ঘনিয়ে এসেছে। মঞ্চে দাঁড়িয়ে স্বাগত বক্তব্য রাখছেন ফজলুর রহমান (বাবুল)। সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যসচিব একটু পর দিলেন ঘোষণাটা, ‘বক্তা বেশি, তাই আজ আলোচনা সভাটা হবে না!’ বক্তা বেশি বলে কোনো আলোচনা সভা হয়নি, এমন খবর এই প্রথম শোনা গেল! দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠকদের এই সংগঠন বর্তমান সরকারের সময় নিশ্চুপ, কোনো বিষয়ে আগের মতো বিবৃতির ফোয়ারা নেই। অনেক দিন পর কাল উদয় হলো সংগঠনটি। ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ওই আলোচনাটা হলে ভালোই হতো, কারণ দেশের ক্রীড়াঙ্গন কীভাবে চলছে, কীভাবে চলা উচিত এসব নিয়ে অনেকেরই অনেকে কিছু বলার আছে। কিন্তু তা আর হলো কই!ইউরোপে ‘না’প্রথমে কনফেডারেশনস কাপ, তারপর বিশ্বকাপ—দুই টুর্নামেন্টে ভুভুজেলার যে দাপট ছিল, তাতে মনে হতে পারে, এই যন্ত্র ছাড়া আন্তর্জাতিক ফুটবল বুঝি সম্ভবই না। কিন্তু আর দাপট নয়। ভুভুজেলাকে এবার নির্বাসনে পাঠাল উয়েফা। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ বা ইউরো বাছাই; কোথাও দেখা যাবে না প্রবল শব্দ সৃষ্টিকারী আফ্রিকান এই প্লাস্টিকের বাঁশিকে। উয়েফার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ফুটবলের চিরায়ত পরিবেশ নষ্ট করে দেওয়া এই যন্ত্রকে তারা প্রশ্রয় দিতে রাজি নয়। তবে একই সঙ্গে তারা বলে দিয়েছে, আফ্রিকান পরিবেশে ভুভুজেলা ঠিকই মানানসই ছিল। তবে ইউরোপে নয়। এ যেন বন্যেরা বনে সুন্দর...! ওয়েবসাইট।সেই মরিনহোব্রিটিশ সাংবাদিকেরা জেনেছেন। হোসে মরিনহো কী জিনিস, জেনেছেন ইতালিয়ান সাংবাদিকেরাও। এবার জানতে শুরু করেছে স্প্যানিশরা। লিগে মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচেই মরিনহোর রিয়ালের গোলশূন্য ড্রয়ের প্রতিক্রিয়ায় দেখা মিলল সেই মরিনহোর। রিয়ালের সব খেলোয়াড়কে একসঙ্গে ১০টির বেশি ট্রেনিং সেশনে পাননি জানিয়ে ‘স্পেশাল ওয়ান’ বলে দিলেন তিনি ‘জাদুকর’ নন। ‘আমি কোচ, হ্যারি পটার নই। সে জাদুকর। জাদু কল্পিত ব্যাপার, ফুটবল হচ্ছে বাস্তব।’ সেই বাস্তব রিয়ালে তাঁকে যদি শূন্য হাতেই রাখে? মরিনহো ভয় পান না, ‘সবকিছু ঠিকঠাকভাবে না হলে আমাকে চলে যেতে হবে...। তবে সমস্যা নেই, আমার জন্য বিশ্বের সেরা ক্লাবগুলোর কোনোটি অপেক্ষা করে আছে।’ এএফপি।