অন্যকলাম
ক্ষোভের লক্ষ্যবস্তু
দল হেরেছে টানা ষষ্ঠ ম্যাচ। হামবুর্গ সমর্থকদের কি আর মাথা ঠান্ডা থাকে? ডিম থেকে শুরু করে বিয়ারের কাপ, সিগারেটের লাইটার হাতের কাছে যা পাওয়া গেছে, তাই ছুড়ে মেরেছে তারা খেলোয়াড়দের দিকে। পরশু হার্থা বার্লিনের কাছে হামবুর্গ ৩-০ গোলে হারার পর ক্ষুব্ধ সমর্থকেরা ক্লাবের বিরুদ্ধেও দিয়েছে স্লোগান। তাদের শান্ত করতে অধিনায়ক রাফায়েল ফন ডার ভার্ট গিয়েছিলেন কয়েকজন সতীর্থকে নিয়ে। কিসের কী, উল্টো সমর্থকদের ‘আক্রমণে’ বলতে গেলে দৌড়ে পালিয়ে এসেছেন খেলোয়াড়েরা! কয়েকজন খেলোয়াড়ের গাড়ির কাচও রেহাই পায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত আসে পুলিশ। এএফপি।
চাচার ভাতিজি
বিখ্যাত লোকদের আত্মীয় হলে অনেক সময় কারও নিজস্বতা হারিয়ে যাওয়ার জোগাড় হয়। শাইয়্যান উডসকেও এত দিন শিকার হতে হয়েছে এই বিড়ম্বনার। নিজে গলফ খেললেও মহাতারকা চাচা টাইগার উডসের ভাইঝি—এত দিন এই ছিল ২৩ বছর বয়সী শাইয়্যানের প্রধান পরিচয়। ছিল বলতে হচ্ছে, কারণ টাইগারের সৎভাইয়ের মেয়ে যে এখন নিজেই মাস্টার্স চ্যাম্পিয়ন। উডস পরিবারের আরেকজনও যে গলফটা ভালো খেলেন, কাল অস্ট্রেলিয়ান লেডিস মাস্টার্স জিতেই সেটির প্রমাণ দিয়েছেন শাইয়্যান। শাইয়্যানের ভালো করাটা প্রত্যাশিতই ছিল। চাচা-ভাতিজি দুজনের গলফে হাতেখড়ি যে একই গুরুর কাছে—টাইগার উডসের বাবা আর্ল উড। এএফপি।
কী উপমা!
‘উপমা’ প্রয়োগে হোসে মরিনহোর তুলনা নেই। ইংল্যান্ডে ফিরে আসার পর সংবাদ সম্মেলনে নিত্যনতুন উপমা দিয়ে চমকে দিচ্ছেন পর্তুগিজ কোচ। ‘ডিম’ ও ‘ঘোড়ার’ পর এবার হাজির করেছেন ‘জাগুয়ার-তত্ত্ব’। নিজের দল চেলসিকে নয়, ম্যানচেস্টার সিটিকে তুলনা করেছেন জাগুয়ারের সঙ্গে। জাগুয়ার অবশ্য বন্য প্রাণী নয়, বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি। মরিনহোর কথা, ‘ম্যানচেস্টার সিটি একটা জাগুয়ার। আপনি একটা জাগুয়ারের পেছনে ‘এল’ প্লেট (লার্নার্স বা শিক্ষানবিশদের প্লেট) লাগাতে পারেন না।’ বুঝিয়ে দিলেন শিরোপা-দৌড়ে এখনো সিটিই এগিয়ে। কিন্তু লিগে তো এখন চেলসিই শীর্ষে। মরিনহোর ছাত্ররাই তো তাঁকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন! এএফপি।