অন্যকলাম
সইতে হবেগত মৌসুমে ইউরোপে ৪৪ ম্যাচে ৩৪ গোল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ইংলিশ সংবাদমাধ্যম তাঁকে রাতারাতি ‘গ্রেট’ও বানিয়ে দিয়েছিল। কিন্তু এখন মাঠে তাঁর পারফরম্যান্স এতটাই নিষ্প্রভ যে ক্যামেরা খুঁজে পায় না বেচারাকে। এমন কেন হলো? সাবেক ইংলিশ কোচ কেভিন কিগান বলছেন, সংবাদমাধ্যমের নেতিবাচক প্রচারণার সঙ্গে মানিয়ে নিতে না পেরেই ধসে পড়েছেন রুনি। সঙ্গে খোঁচা দিয়ে এও বলছেন, রুনির এই বিষ হজম করা ছাড়া উপায় নেই। কারণ একসময় তো সংবাদমাধ্যমের ইতিবাচক প্রচারণা খুব উপভোগ করেছেন। নিজের বিয়ে পর্যন্ত বেচেছেন একটি সাময়িকীতে। তো মিঠেটা যখন খেতে পেরেছেন, রুনিকে এখন তেতোটাও তো হজম করতে হবে! ওয়েবসাইট। বন্ধুত্বের হাতসমালোচনার ঝড় থামছেই না। টয়লেট নোংরা, গোসলখানা ব্যবহারের অনুপযোগী, বিছানা স্বাস্থ্যসম্মত নয়—কত অভিযোগ! শেষ পর্যন্ত দিল্লি কমনওয়েলথ গেমস হবে তো? হবে। সবাই তো এক রকম না। নিন্দুকের ভিড়ে দু-একজন পরম বন্ধুও আছেন। দক্ষিণ আফ্রিকান অলিম্পিক কমিটিই (এসএএসসিওসি) যেমন সমালোচনার ঝড় থেকে রক্ষা করতে দিল্লির দিকে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত। শত সমালোচনার মধ্যেও তারা অংশ নেবে—এই নিশ্চয়তা তো দিয়েছেই। এসএএসসিওসির সভাপতি গিডিওন স্যাম বলছেন, প্রয়োজনে তিনি নিজে টয়লেট পরিষ্কার করবেন! ভারত আর ব্রাজিলকে দক্ষিণ আফ্রিকার সেরা বন্ধু দাবি করে স্যাম বলেছেন, ‘আমরা আমাদের বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’ ফুটবল বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার দিকেও এমন অভিযোগের আঙুলই যে তুলেছিল পশ্চিমা বিশ্ব! ওয়েবসাইট।বলিউডে টেন্ডুলকারবলিউডের রথী-মহারথীদের ঘুম হারাম হওয়ার মতো খবর, শচীন টেন্ডুলকারের বলিউড অভিষেকটা এবার মনে হয় হয়েই যাচ্ছে! এর আগে দেবতা গণেশকে নিয়ে একটি সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল ভারতের ক্রিকেট-দেবতার। তবে এবার শোনা যাচ্ছে মসলাদার বাণিজ্যিক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা। প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার নতুন ছবি ফেরারি কি সাওয়ারিতে শারমান যোশি, বোমান ইরানিদের সঙ্গে দেখা যেতে পারে টেন্ডুলকারকে। এক ক্রিকেট কিংবদন্তির ফেরারি গাড়ি দেখে এক তরুণের অনুপ্রাণিত হওয়ার ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে কাহিনি। চিত্রনাট্য নাকি দারুণ মনে ধরেছে লিটল মাস্টারের। শাহরুখ, আমির, হূতিকরা এবার প্রমাদ গুনতে পারেন, তাঁদের রাজত্ব শেষ হলো বলে! ওয়েবসাইট।