অন্যকলাম
বিয়ে ভাবনাক্রীড়া প্রতিবেদক বিয়ে কি সত্যিই ভাগ্য ফেরায়? কথাটায় খুব বেশি আস্থা না থাকলেও বিয়ে ভাবনা কিন্তু পেয়ে বসেছে মোহাম্মদ আশরাফুলকেও। ফর্ম নেই বলে নিউজিল্যান্ড সিরিজের দলে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক আছেন দলে ফেরার অপেক্ষায়। সঙ্গে কি জীবনসঙ্গিনীর অপেক্ষায়ও নয়? বিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এমন বিশ্বাস না থাকলেও আশরাফুল কাল নিজেই দিলেন খবরটা, ‘বিশ্বকাপের পর বিয়ে করব ভাবছি। পাত্রী এখনো ঠিক হয়নি, তবে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছে।’ আর ব্যাটে রানের সন্ধান? ওটা বিয়ের আগেই পেয়ে যাবেন বলে আশা ২৬ বছর বয়সী আশরাফুলের।এবার অলিম্পিক!আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরগুলো পড়লে মনে হতো কমনওয়েলথ গেমস নিয়ে ভারতের অবস্থা হয়েছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ভারত কিন্তু বরাবরই অব্যবস্থাপনা নিয়ে আসা খবরগুলোকে গুরুত্ব দিতে রাজি হয়নি। আর এবার তো ঘোষণাই দিয়ে বসল, ভবিষ্যতে অলিম্পিকের আয়োজনও করতে চায় ভারত। কমনওয়েলথ সফলভাবে আয়োজন করতে পারলে সেই পথ ধরে একদিন অলিম্পিকের মতো বড় ক্রীড়া আসরের আয়োজন ভারত করতে পারবে জানিয়ে গেমসের প্রধান সুরেশ কালমাডি বলেছেন, ‘অলিম্পিকই আসল। ক্রিকেট এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু সেটা তো মাত্র দশটি দেশ খেলে।’ এএফপি।আলসে বেনজেমাশচীন টেন্ডুলকারই বলুন কিংবা লিওনেল মেসি। সবাই একবাক্য জানিয়ে দেবেন, সাফল্যের মূল রহস্যই নাকি পরিশ্রম। কিন্তু করিম বেনজেমার বোধ হয় নিজের প্রতিভায় অগাধ আস্থা। আর তাই পরিশ্রম করতে খুব একটা ভালোবাসেন না। লরাঁ ব্লাঁর আশঙ্কা, এই ফরাসি স্ট্রাইকারের প্রতিভায় না শেষ পর্যন্ত মরচে ধরে। এর জন্য রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের কাছের মানুষদেরও দোষ দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের কোচ। বন্ধুরাই নাকি বেনজেমার কানের কাছে বলে, ‘রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যখন খেলো, তার মানে তুমি অন্যতম সেরা। এত খাটাখাটুনির কী দরকার!’ এএফপি।