অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্র কামনা
দলকে দুই ম্যাচে জিতিয়ে শহীদ আফ্রিদি এখন পাকিস্তানের নয়নের মণি। ‘জাতীয় বীর’কে নিয়ে সে দেশে বইছে আবেগের বন্যা। আফ্রিদি-বন্দনায় কদিন ধরেই ফেসবুক-টুইটারে বুঁদ পাকিস্তানিরা। এর মধ্যে ‘মেরা জান পাকিস্তান’ নামে এক ফেসবুক পেজ এই মারকুটে ব্যাটসম্যানের হূদয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। ব্যক্তিজীবনে আফ্রিদি চার কন্যাসন্তানের জনক। এশিয়া কাপের পারফরম্যান্সের কল্যাণে তিনি যাতে এবার পুত্রসন্তান লাভ করেন সেই কামনা করা হয়েছে পেজটিতে। তাতে আবার লাইক পড়েছে পাঁচ হাজার, দেড় হাজারের কাছাকাছি শেয়ার। শ খানেক মন্তব্যের একই সুর, ‘আফ্রিদির পুত্র চাই।’ এএফপি।
প্রিয় নেইমার
দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা শেষ। একটু পরেই নেইমাররা মাঠ ছাড়বেন। সবাইকে ফাঁকি দিয়ে এক শিশু ঢুকে পড়ল মাঠে। সঙ্গে সঙ্গেই অবশ্য সে নজরে পড়ে গেল নিরাপত্তাকর্মীদের। বগলদাবা করে যেই না তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে, অমনি দেবদূতের মতো আবির্ভূত নেইমার। নিরাপত্তাকর্মীদের কাছ থেকে একরকম ছিনিয়ে নিয়েই তাকে তুলে নিলেন কোলে। ব্রাজিলিয়ানদের মধ্যে তো ওকে নিয়ে কাড়াকাড়িই পড়ে গেল। শূন্যে নাচিয়ে, ছবি তুলে শিশুটিকে উপহার দেওয়া হলো স্মরণীয় কিছু মুহূর্ত। পরে শিশুটির সঙ্গে নিজের ছবি নেইমার পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ওয়েবসাইট।
বজ্র আঁটুনি
দল নেমেছে বিমানবন্দরে। কিন্তু খেলোয়াড়দের জিনিসপত্রের সঙ্গে পানির বোতল আর খাবারের কনটেইনার কেন? দৃশ্যটা কাল্পনিক, কিন্তু বাস্তব হবে কদিন পরেই। আর এটা করবে ঘানার ফুটবল ক্লাব মেদিয়ামা। সিএএফ কনফেডারেশনস কাপে মরক্কোর মগরেব ফেজের সঙ্গে খেলা ক্লাবটির। কিন্তু সঙ্গে করে তারা খাওয়ার পানি নিয়ে যাবে। পুরোটাই সতর্কতা। আফ্রিকান ক্লাবগুলো বাইরের দেশে খেললে নিম্নমানের খাওয়ার পানি দেওয়া হয়। বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা, নিম্নমানের হোটেলে রাখার মতো ঘটনাও ঘটে। সব ‘কৌশলই’ জেতার জন্য। মেদিয়ামা তাই কোনো ঝুঁকি নিতে চায় না। বলা তো যায় না! এএফপি।