অন্যকলাম
ব্রাজিলিয়ান মুগ্ধতাক্রীড়া প্রতিবেদক প্রায় ছয় ফুট উচ্চতার ড্যানিলোর মুগ্ধতার রেশ কাটছিলই না। দলবদলের ফটোসেশনের সময় বাফুফের সংবাদ সম্মেলনের কক্ষে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে গাদাগাদি করে পোজ দিতে পেরেও কী খুশি! কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই জানালেন, ‘খুবই ভালো লাগছে।’ এই মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলবেন ব্রাজিলের এই স্টপার। পাশেই দাঁড়ানো হাস্যোজ্জ্বল এভারটনের অনুভূতিও একই রকম। এক ফাঁকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো এভারটনকে। ঢাকা লিগের এক মৌসুমে সালাম মুর্শেদীর করা ২৭ গোলের রেকর্ড এখনো অম্লান। এভারটন হেসে বললেন, ‘আমি ওটা ভাঙতে চাই।’ জীবনে প্রথম ঘোড়ার গাড়িতে চড়ার আনন্দের আতিশয্যেই এভারটন এমনটি বলেননি তো!দরপতনভারতীয়দের ক্রিকেট-প্রীতি কিংবদন্তিতুল্য। বলা হয়, ভারতীয়রা শুধু ক্রিকেট দেখে না, খায়ও! এখন জানা যাচ্ছে, ক্রিকেটের হাওয়ায় নাচে ভারতের শেয়ারবাজারও। ধীরগতির টেস্ট শেয়ারবাজারে আদৌ প্রভাব ফেলতে পারে কি না, বলা মুশকিল। তবে ভারতের ওয়ানডে ম্যাচের সঙ্গে শেয়ারবাজারের ওঠা-নামার সম্পর্কটা একেবারে সরাসরি। ওয়ানডে ম্যাচে ভারত হারলেই শেয়ারবাজারে দর পড়ে যায় গড়ে ০.২৩১ শতাংশ! আর পরাজিত ভারতীয় দলে যদি থাকেন শচীন টেন্ডুলকার, তাহলে তো অবস্থা আরও খারাপ। দরপতন হয় ২০ শতাংশ বেশি! জিতলে খুব অল্পই দর ওঠে। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থনীতিবিদ রাসেল স্মিথ ও বিনোদ মিশ্রের গবেষণা বলছে এক ম্যাচে হারলে যে দরপতন হয়, সাত ম্যাচ জিতলেও সেটুকু ওঠে না। ওয়েবসাইট।ঝগড়া-বর!‘মারের মধ্যে ভাইটামিন আছে’—বাংলাদেশি নাটকের মজাদার এক সংলাপ। এটি আসলে নাটকের সংলাপ পর্যন্তই থাকতে পারে, এ ছাড়া আর কী? কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির মনে হচ্ছে ঝগড়া বা বচসার উপকারিতা আছে! ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের বিরতিতে ম্যান সিটি কোচ আর অধিনায়ক কার্লোস তেভেজের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। এ নিয়ে ইংলিশ সংবাদমাধ্যমে রসিয়ে রসিয়ে লেখাও হচ্ছে। কিন্তু মানচিনি বলেছেন, এই ঝগড়াটা ম্যান সিটিকে আরও এককাট্টা করবে, ধারাবাহিক ফল এনে দেবে। ঝগড়া-কাজিয়া শেষে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটা ২-১ গোলে জেতায় মানচিনির বিশ্বাসটা আরও দৃঢ়ই হওয়ার কথা। ওয়েবসাইট।