অন্যকলাম
যন্ত্রের মন্ত্রক্রীড়া প্রতিবেদক দলটা জাপানের বলেই কৌতূহলটা জাগল। পল্টন কাবাডি স্টেডিয়ামে না জানি কী এক নতুন যন্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জাপান কাবাডি দলের মহিলা কোচ আ ওকি। প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশটি গ্রামবাংলার খেলা কাবাডিতেও বোধহয় যুক্ত করেছে তাদের প্রযুক্তি-প্রতিভা! কিন্তু কী কাজ ওটার? খোঁজ নিতেই ভুল ভাঙল। হাতিঘোড়া কিছু নয়, এ আসলে স্রেফ মশা তাড়ানোর ইলেকট্রিক কয়েল! ঢাকায় আসার আগে জাপানি খেলোয়াড়েরা শুনেছিলেন এখানে নাকি এডিস মশার উৎপাত। এসে হাতেনাতে প্রমাণও পেলেন। মিজান আন্তর্জাতিক ক্লাব কাপ কাবাডির ‘অতিথি’দের কামড়াতে বঙ্গ-মশককুলদের নাকি খুবই উৎসাহ! অগত্যা সার্বক্ষণিক সঙ্গী মশা মারার যন্ত্র।ফিফার ঋণচারদিক থেকে ফিফাকে চেপে ধরেছে পাওনাদারেরা। কদিন আগে জানা গেল, দুই হাজারেরও বেশি দর্শক এখনো নাকি তাদের ফেরত দেওয়া টিকিটের দাম পায়নি। এবার ফিফার আরেক পাওনাদার হিসেবে জানান দিল গত বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার ভেন্যু শহরগুলো। ফিফা নাকি এখনো এই ভেন্যুগুলোকে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করেনি। ডারবানের পক্ষ থেকে তো মামলা করার হুমকি দেওয়া হয়েছে। টাকা দিতে ফিফা গড়িমসি করলে নাকি তারা ‘আলাদা ব্যবস্থা’ নেবে! বিশ্বকাপ উপলক্ষে প্রতিটি শহর নতুন করে ঢেলে সাজানো হয়েছিল। কথা ছিল টিকিটের আয় থেকে ১০ শতাংশ করে দেওয়া হবে শহরগুলোকে। সব মিলে ফিফার কাছে ৫০ কোটি র্যান্ড পাওনা আছে বলে দাবি তাদের। এএফপি।সাধু রোনালদোউদ্ধত, অহংকারী। মাটিতে পা পড়ে না। ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে সাধারণ্যে এমন একটা ধারণাই চালু। যে ধারণার পালে হাওয়া দিয়েছেন সারা কারবোনেরো। রিয়াল অধিনায়ক ক্যাসিয়াসের প্রেমিকা, মাদ্রিদের এই টিভি সাংবাদিক রোনালদো সম্পর্কে এমন মন্তব্যই করেছিলেন সম্প্রতি। এ সময়ের সবচেয়ে দামি ফুটবল তারকা—সেই ভাব নিয়ে রোনালদো চলতে পারেন বৈকি। তবে কিনা রিয়াল মাদ্রিদ তারকার ক্লাব সতীর্থের কাছ থেকে পাওয়া যাচ্ছে অন্য ছবি। সামি খেদিরা বলছেন, যেমনটা ভাবা হয়, রোনালদো নাকি ঠিক তাঁর উল্টো, ‘ও আসলে দারুণ ভালো একটা মানুষ। মোটেও উদ্ধত নয়। ড্রেসিংরুমে ও সব সময় মজা করে।’ সাংবাদিকদের খেদিরা এও জানিয়েছেন, তাঁকে আর ওজিলকেও রোনালদো দারুণ সাহায্য করছেন মানিয়ে নিতে। এএফপি।