অন্যকলাম
দেবীর শরণদুর্গাপূজা তো শুরু হয়ে গেল। রোগমুক্তি, আয়-উন্নতি—মা দুর্গার দরবারে কতজনের কত প্রার্থনাই না থাকবে। কিন্তু অন্য রকম চাওয়া কলকাতার এসআরকে ফ্যান ক্লাবের। ‘এসআরকে’ মানে শাহরুখ খান। তিনি আবারও কলকাতা নাইট রাইডার্সের মালিক, যে দলটা খুব একটা সুবিধে করতে পারেনি প্রথম তিন আইপিএলে। এবার ভক্তরা তাই দেবী দুর্গার শরণ নিচ্ছেন। ছয় ফুট উচ্চতার দুর্গার মূর্তিতে থাকছে নাইট রাইডার্সের জার্সির ছোঁয়া! পরনের শাড়িটার রং হবে কেকেআরের জার্সির মতো! সদস্যরা কিন্তু প্রার্থনার বিষয়ও ঠিক করেই রেখেছেন। চার দিনই প্রার্থনা হবে দলের মঙ্গল কামনা করে। দেখা যাক, ভাগ্য এবার ফেরে কি না! ওয়েবসাইট।শান্তি প্রস্তাববয়সের কারণে এক রকম আড়ালে চলে গিয়েছিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। বলতে গেলে ব্যক্তি-পছন্দের খাতিরেই বিশ্বকাপ দলে ডেকেছিলেন ম্যারাডোনা। কিন্তু আর্জেন্টিনার কোচ থাকা না-থাকা নিয়ে এএফএর সঙ্গে ম্যারাডোনার দ্বন্দ্ব যখন চরমে, সেই সময় ভেরনকেও দেখা যায় প্রতিপক্ষের ভূমিকায়—ম্যারাডোনার সমালোচনায় মুখর! বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলানোর পর পরবর্তী দুই ম্যাচে ভেরনকে বসিয়ে রেখেছিলেন ম্যারাডোনা। উল্টাপাল্টা কথা বলে সেই ক্ষোভ মেটান। তবে ভেরন বুঝি তাঁর ভুল বুঝতে পেরেছেন। গুরু ম্যারাডোনার সঙ্গে দেখা করে সম্পর্কটা নতুন করে আবার জোড়া দিতে চাইছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। ‘কথা বলার জন্য ডিয়েগোর কাছে প্রস্তাব পাঠিয়েছি। তার উত্তরের অপেক্ষা করছি। সে যদি চায়, অবশ্যই কথা বলব আমি’—বলেছেন ভেরন। ওয়েবসাইট।পেলের চোটদুঃখের সংবাদ, ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন পেলে। কিন্তু পেলে তো খেলা ছেড়েছেন সেই কবেই, যিনি খেলেনই না তিনি আবার মাঠের বাইরে ছিটকে পড়েন কীভাবে! আসলে এই পেলে সেই পেলে নন। ১৯৭১ সালে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়া ব্রাজিল কিংবদন্তি পেলে পেশাদার ফুটবলের পাটও চুকিয়ে ফেলেছেন ৩৩ বছর আগে। নতুন যে পেলের কথা বলা হচ্ছে, তিনিও ফুটবলার। তবে তাঁর কাজ গোল করা নয়, ঠেকানো। মানে গোলরক্ষক। পুরো নাম ইয়োহন পেলে। জন্ম ফ্রান্সে, খেলেনও ফ্রান্সেরই ক্লাব তুঁলোতে। আর ২৭ বছর বয়সী এই পেলের ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ার কারণ, ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে তাঁর। ওয়েবসাইট।