অন্যকলাম
বিদ্রোহী কাসানোকোচ ছুঁলে ১৬ ঘা, কিন্তু ক্লাবের প্রেসিডেন্ট ছুঁলে ৩৬ ঘা। তথ্যটা আন্তোনিও কাসানোর মনে রাখা উচিত ছিল। ইতালির এই ‘বিদ্রোহী’ ফুটবলার চিরকালই কোচের সঙ্গে ঝামেলা করে এসেছেন। গত বিশ্বকাপের দলে যে ঠাঁই পেলেন না সে তো মার্সেলো লিপ্পির সঙ্গে গ্যাঞ্জাম করেই। ক্লাবেও কোচের সঙ্গে খুটখাট তাঁর লাগতই। এবার ঝামেলা বাধিয়েছেন খোদ সাম্পদোরিয়া প্রেসিডেন্ট রিকার্ডো গ্যারোনের সঙ্গেই। শাস্তি হিসেবে পরের ম্যাচে তো বটেই, দল থেকেই নাকি বাদ দেওয়া হচ্ছে এই স্ট্রাইকারকে। অবশ্য এতে শেষ হিসাবে কাসানোর লাভই হচ্ছে। কারণ কাসানোকে কিনতে নাকি দুই মিলান ছাড়াও আগ্রহী জুভেন্টাস। এএফপি।মোদি লুকিয়ে...যত দ্রুত উত্থান হয়েছিল, লোলিত মোদির পতন হয়েছে তার চেয়েও দ্রুত। শোনা যাচ্ছিল পুলিশের ভয়ে নাকি লুকিয়ে আছেন মোদি, কেউ কেউ আবার বলছিলেন পালিয়ে গেছেন আইসল্যান্ডে। সেই মোদিকেই কদিন পর কাঁধে কাঁধ মিলিয়ে বসে থাকতে দেখা যাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের রথী-মহারথীদের সঙ্গে! আগামী ৩ নভেম্বর লন্ডনে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন সাবেক আইপিএল কমিশনার। সম্মেলনে থাকবেন ২০১২ লন্ডন অলিম্পিকের প্রধান নির্বাহী কর্মকর্তা পল ডেইটন, ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানি জর্ডান, ২০১৪ সোচি শীতকালীন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান গিলবার্ট ফেলিসহ অনেকে। মোদি নাকি আলোচনা করবেন আইপিএলের সাফল্য ও ভারতে ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে! ওয়েবসাইট।ছাইয়ের আগুনছাইয়ের চাপা আগুন আবারও জ্বলে উঠেছে। উত্তাপ ছড়াচ্ছে অ্যাশেজ। মাঠের বাইরের লড়াইটা কিন্তু কম হচ্ছে না। যেখানে এবার মনে হচ্ছে অস্ট্রেলিয়াই এগিয়ে। ‘চিরশত্রু’ ইংল্যান্ডের ঐতিহ্যের প্রতীক বিগ বেন ঘড়িটা যে মাঝেমধ্যেই চলে যাচ্ছে অস্ট্রেলিয়ার দখলে। বিশেষ বিজ্ঞাপনে হাজির হচ্ছে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের ছবি। সঙ্গে একটা বার্তা: ‘আসার সময় ভস্মাধারটি নিতে ভুলো না।’ অ্যাশেজের প্রচারণার অংশ হিসেবে প্রচারিত ওই বিজ্ঞাপনটি নিয়ে প্রশ্ন তুলেছে নাক-উঁচু ইংলিশদের কেউ কেউ। বিগ বেনে সেটি প্রচার না করলেই কি নয়? করলেও তাতে ওমন একটা গা-জ্বলুনি লাইনই বা জুড়ে দেওয়ার দরকার কী ছিল। অস্ট্রেলিয়া অবশ্য তাদের পক্ষ থেকে যুক্তি দিয়েছে, ওই বাক্যটি নাকি বন্ধুসুলভই! ওয়েবসাইট।