অন্যকলাম
জাবালেতার নামে
বুয়েনস এইরেসের অ্যারেচিফেসের স্টেডিয়ামকে এত দিন মানুষ পৌর স্টেডিয়াম নামে চিনত। কিন্তু বিশ্বকাপের জোয়ারে নাম বদলে হয়ে গেল জাবালেতা স্টেডিয়াম। আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে তুলতে পাবলো জাবালেতার অবদান অনেক। রোহো-গ্যারাইদের সঙ্গে আর্জেন্টিনার রক্ষণই শুধু সামলাননি, ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আক্রমণেও রেখেছেন ভূমিকা। ঘরের ছেলের নৈপুণ্যে অ্যারেচিফেসবাসী গর্বিত। সিটির হয়ে ডাবল জেতায় জাবালেতার নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বকাপের আগেই। সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করায় ভূমিকা রেখেছে বিশ্বকাপ। স্টেডিয়ামের নামকরণই শুধু নয়, ঘরের ছেলেকে সম্মান জানাতে অ্যারেচিফেসের মেয়র জাবালেতাকে দিয়েছেন ‘সম্মানিত নাগরিকের’ উপাধিও। এমসিএফসি ডটকম।
১,৭৫,০০০ মাইল
প্রাকমৌসুম প্রস্তুতি তো নয়, এ যেন বিমানে চড়ে আনন্দভ্রমণের উৎসব! ইংলিশ ক্লাবগুলোর প্রাকমৌসুম সুচি অন্তত সেটাই বলছে। প্রাকমৌসুম প্রস্তুতি নিতে ইংলিশ ক্লাবগুলো এবার আকাশপথে পাড়ি দেবে এক লাখ ৭৫ হাজার মাইলেরও বেশি! ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ১৯টি প্রস্তুতি নিতে যাচ্ছে বিদেশে। সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেবে নিউক্যাসল ও ওয়েস্ট হাম। দুটি ক্লাবই যাচ্ছে নিউজিল্যান্ডে। এক শহর থেকে আরেক শহরে ঘুরে নিউক্যাসল পাড়ি দেবে ২৪৪৬৭ মাইল, ওয়েস্ট হাম ২৪০৩৫ মাইল। আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি-ইউনাইটেডসহ ৯টি ক্লাব যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সেদিক থেকে হাল সিটির খেলোয়াড়েরা হতভাগাই, একমাত্র তাঁদেরই প্রস্তুতি নিতে হচ্ছে দেশে, মানে ইংল্যান্ডে। ডেইল মেইল।
ভুল দৃষ্টান্ত
জ্যাক উইলশেয়ার নিশ্চয়ই মনে মনে নিজেকে শাপশাপান্ত করছেন? কোন কুক্ষণে যে সিগারেটে টান দিতে গিয়েছিলেন। আর্সেনাল মিডফিল্ডারের ধোঁয়া ছাড়ার বদভ্যাস নেই, শখ করেই টান দিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ তো আর এটা বুঝবে না। শত হলেও উইলশেয়ারদের দৃষ্টান্ত মানেন অনেকেই। হোসে মরিনহো ঠিক সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় না একটা সিগারেট খেলে কোনো ফুটবলারের পারফরম্যান্স খারাপ হয়ে যাবে। কিন্তু বাড়িতে বসে যে কিশোর দৃশ্যটা দেখবে সে ভাবতেই পারে, “একজন শীর্ষ ফুটবলার ধূমপান করলে তো আমিও করতে পারি। এটা তো কোনো সমস্যা নয়।” মরিনহোর অনেক কথার সঙ্গে অনেকের দ্বিমত থাকতে পারে। তবে এটার সঙ্গে একমত না হয়ে উপায় নেই! এএফপি।