অন্যকলাম
খেলোয়াড়-বিভ্রাটক্রীড়া প্রতিবেদক ইএসপিএন-স্টার স্পোর্টসের ওয়েবসাইটে দেওয়া খেলোয়াড় তালিকা ঠিক হলে রায়ান বাটারওর্থ এখন অভিষেক ওয়ানডে খেলার স্বপ্ন দেখছেন। বাংলাদেশে পাঁচ ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের যে ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা ওয়েবসাইটটি দিয়েছে, সেখানে বাটারওর্থও আছেন। কিন্তু সমস্যা হলো, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে এ মাসের মাঝামাঝি বিসিবিকে পাঠানো দলে নেই এই অলরাউন্ডারের নাম! বাকি ১৪ জনের নামে মিল থাকলেও বিসিবির হাতে আসা তালিকায় বাটারওর্থের জায়গায় আছেন গ্রেগরি ল্যাম্ব। একজন মাত্র খেলোয়াড়ের নাম এদিক-সেদিক হওয়ায় মাঠের ফলাফলে হয়তো কিছু যাবে-আসবে না, কিন্তু ভিসার অনুমতির জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিবি জিম্বাবুয়ে বোর্ডের দেওয়া খেলোয়াড় তালিকাই পাঠাবে!এশিয়াডে কেনিয়া!পরশু গুয়াংজু গেমসে ছেলেদের ৫০০ মিটারে সোনা, রুপা ও ব্রোঞ্জ—তিনটি পদকই জিতলেন তিন কেনিয়ান অ্যাথলেট। কেনিয়া কি তাহলে আফ্রিকা ছেড়ে এশিয়ায় যোগ দিল! না, দেশ বদলেছেন এই তিন অ্যাথলেট। ৫০০ মিটারে সোনাজয়ী আলী হাসান মাহবুব বাহরাইনের হয়ে এবং রুপা ও ব্রোঞ্জজয়ী জেমস কাওয়ালিয়া ও ফেলিক্স কিবোরে এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন কাতারের পক্ষে; এখানেও ওড়াচ্ছেন কেনিয়ার পতাকা। মাঝারি ও দূরপাল্লার দৌড়ে এশিয়ান গেমসে কেনিয়ানদের আধিপত্য এই প্রথম নয়। ২০০৬ এশিয়ান গেমসে ছেলেদের ৮০০ মিটার, ১৫০০ মিটার, ৫ হাজার মিটার, ১০ হাজার মিটার দৌড়, ৩ হাজার মিটার স্টিপল চেজ ও ম্যারাথনে সোনা জিতেছিলেন কেনিয়ান দৌড়বিদেরা। এশিয়াও তাহলে কেনিয়ার দৌড়বিদ রপ্তানি এলাকার আওতায় এসে গেছে! এএফপি।গোল উপহারহাতে কাজ নেই বলেই কিনা ইউরোপের বিভিন্ন ক্লাবের খেলা, অনুশীলন দেখে বেড়াচ্ছেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি; যেখানেই যাচ্ছেন দেখা হয়ে যাচ্ছে স্বদেশি ফুটবলারদের সঙ্গে। রোববার ম্যারাডোনা দেখতে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি বনাম ফুলহামের ম্যাচ। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে দর্শক সারিতে দেখেই হয়তো জ্বলে উঠলেন দুই আর্জেন্টাইন ফুটবলার। কার্লোস তেভেজ ও পাবলো জাবালেতা বেড়াতে আসা ম্যারাডোনাকে উপহার দিলেন গোল। গুরুভক্ত তেভেজ জোড়া গোল করলেন ও জাবালেতা ম্যান সিটির হয়ে নিজের দ্বিতীয় গোলটি পেলেন একই দিনে। ম্যারাডোনার উপস্থিতি ছাড়াও ম্যান সিটির এই জয়ের একটা উপলক্ষ ছিল। ৪-১ গোলের জয়টা যে এল তাদের সাবেক কোচ মার্ক হিউজের ফুলহামের বিপক্ষে! এএফপি।