অন্যকলাম
ম্যারাডোনা হঠাৎখেলা তখনো শেষ হয়নি। মাত্রই প্রথম সেট চলছে। অথচ গ্যালারিতে করতালি আর চেঁচামেচির জগাখিচুড়ি শোরগোল! ঘটনা কী? তাকাতেই নোভাক জোকোভিচ বুঝে গেলেন, লন্ডনের ও-টু এরেনায় এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ম্যাচ দেখতে এসেছেন ডিয়েগো ম্যারাডোনা! সেই ’৮৬ বিশ্বকাপের ঘটনা ইংলিশরা ভুলতে পারেনি। ইংল্যান্ড সফররত ম্যারাডোনাকে কেউ তাই অভিনন্দন জানালেন, কেউ করলেন বিদ্রূপ। তবে সার্বিয়ান তারকা জোকোভিচ একেবারেই অন্য অনুভূতিতে আচ্ছন্ন। তাঁর খেলা দেখছেন কিনা ম্যারাডোনা! ‘তিনি কিংবদন্তি। এই প্রথম ওকে সামনাসামনি দেখলাম। ওকে দেখার পর একটু আউলে গিয়েছিলাম। হাত দিয়ে খেলব, নাকি পা দিয়ে বুঝে উঠতে পারছিলাম না’—বলেছেন জোকোভিচ। ম্যারাডোনা এর উত্তরে বলতে পারেন, পায়ের জিনিস যখন হাত দিয়েও খেলা যায়, হাতের জিনিস পা দিয়ে খেলতে বাধা কোথায়! ওয়েবসাইট।ত্রিমুখী লড়াইক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসি দ্বৈরথ এখন ত্রিমুখী লড়াইয়ে রূপ নিল। তাতে যোগ দিলেন, না কোনো ফুটবলার ইনি নন, খোদ পোপ! প্রতি ক্রিসমাসের সময় কাতালোনিয়া রাজ্যে বিশ্বের জনপ্রিয় তারকা, ব্যক্তিত্ব কিংবা চরিত্রের ছোট ছোট সিরামিকের পুতুল দেদার বিক্রি হয়। ব্যঙ্গাত্মক এসব পুতুলের অভিন্ন বৈশিষ্ট্য, সবার পাজামা থাকে নিচে নামানো! মানে কিনা, পশ্চাদ্দেশ উন্মুক্ত। রোনালদো-মেসি থেকে শুরু করে কমিক চরিত্র টিনটিন-স্পাইডারম্যানের পুতুল ছাড়া হয়েছে বাজারে। তবে কিনা জনপ্রিয়তার দিক দিয়ে রোনালদো-মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন পোপ ষোড়শ বেনেডিক্টও! হাঁটু ভাঁজ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ভঙ্গিতে পুতুল বানানোর এই রেওয়াজ চলে আসছে আঠারো শতক থেকেই। এএফপি।সেই সুয়ারেজএ কোন ভূত ভর করল ফুটবলারদের ওপর! স্যামুয়েল ইতো ঢুস মারলেন। ওদিকে ডাচ লিগে লুইস সুয়ারেজ টাইসনীয় কায়দায় কামড় বসালেন প্রতিপক্ষকে। পার্থক্য, টাইসন কান কামড়েছিলেন, আর আয়াক্সের উরুগুইয়ান স্ট্রাইকার কামড় বসালেন আইন্দহোফেনের ওটমান বাক্কালের কাঁধে। দলের অধিনায়কের এমন কাণ্ড মোটেও পছন্দ হয়নি আয়াক্সের। এরই মধ্যে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে গত বিশ্বকাপের মহা আলোচিত হ্যান্ডবল-কাণ্ডের জন্মদাতাকে। এ তো গেল ক্লাবের শাস্তি। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও সুয়ারেজকে শাস্তি দিতে পারে বলে শোনা যাচ্ছে। রয়টার্স।