অন্যকলাম
মুগ্ধ ফেদেরারধরুন, আচম্বিতে আবিষ্কার করলেন, আপনার সঙ্গে করমর্দনের জন্য বাড়িয়ে দেওয়া হাতটি আর কারও নয়, ডিয়েগো ম্যারাডোনার...কেমন লাগবে তখন? এই অনুভূতি বলে বোঝানো আসলেই মুশকিল। ক্রীড়াঙ্গনেরই আরেক কিংবদন্তি রজার ফেদেরারই যে বলছেন, ম্যারাডোনার সঙ্গে হাত মিলিয়ে তিনি যেন পৌঁছে গেছেন নবম স্বর্গে! এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস দেখতে ম্যারাডোনা এখন লন্ডনে। প্রতিদিনই খেলা দেখছেন। পরশু এসেছিলেন ফেদেরার-মারে ম্যাচ দেখতে। তখনই ম্যারাডোনার সঙ্গে তাঁর দেখা। ‘আমি বরাবরই ওর ভক্ত। শুনলাম, তিনিও নাকি আমার ভক্ত। মনে হলো, দুজনের দেখা হওয়ায় আমার চেয়ে তিনিই বেশি উত্তেজিত’—ম্যারাডোনার সরলতায় মুগ্ধ ফেদেরার। রয়টার্স।বোধোদয়অবশেষে হুঁশ ফিরেছে ঢুস মারা স্যামুয়েল ইতোর। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ইন্টার মিলানের এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। রোববার ইতালিয়ান লিগে সিজারকে ঢুস মারেন ইতো। লিগে এরই মধ্যে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, আক্কেলসেলামি গুনেছেন ৩০ হাজার ইউরো। ভবিষ্যতে এমনটা আর করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন। ওদিকে ইতো-কাণ্ডের আগের দিনই আয়াক্সের অধিনায়ক লুইস সুয়ারেজ প্রতিপক্ষের কাঁধে কামড় বসান। ক্ষমা তিনিও চেয়েছেন ওই আচরণের কারণে। ক্লাব এরই মধ্যে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তাঁকে। এবার ডাচ ফুটবল সংস্থা এই স্ট্রাইকারকে নিষিদ্ধ করল সাত ম্যাচ। ওয়েবসাইট।বার্সার মেসি-টুবিশ্বের বিভিন্ন জায়গায় অনাবিষ্কৃত খনি খুঁজে পাওয়া যাচ্ছে। যে খনি থেকে বেরোচ্ছে একের পর এক মেসি-রত্ন। দুই দিন পর পরই খবর আসে, ওমুক ক্লাব নাকি খুঁজে পেয়েছে নতুন মেসি। এবার খোদ বার্সেলোনাও নাকি নতুন মেসির সন্ধান পেল। ১৫ বছর বয়সী ওই ফুটবলারের নাম জ্যাঁ-মারি ডঙ্গু। ক্যামেরুনিয়ান এই কিশোর এরই মধ্যে যুবদলের হয়ে মেসির একটা কীর্তিও ছুঁয়ে ফেলেছে। ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেওয়া মেসি একসময় তিনটি ভিন্ন ভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। এর মধ্যে ছিল অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলাও। মেসির পর এই প্রথম কোনো খেলোয়াড় ভিন্ন তিনটি বয়সভিত্তিক দলে খেলল। দেখা যাক, ভবিষ্যতে মেসির মতোই হয়ে উঠতে পারে কিনা ডঙ্গু। ওয়েবসাইট।