অন্যকলাম
অতঃপর ক্ষমা
সমর্থকেরা হেঁড়ে গলায় গান ধরতে পারেন। সেখানে প্রতিপক্ষকে খোঁচা মারা, এক-আধটু উসকানি দেওয়াও চলতে পারে। কাজটা ভক্তরা করুন ক্ষতি নেই, কিন্তু খেলোয়াড় করলেই সমস্যা। তাও আবার এমন একজন এটা করেছেন, এখন যাঁর ভাবর্মূতিও দারুণ উজ্জ্বল। বাস্তিয়ান শোয়েনস্টেইগারের সঙ্গে এটা মানায় না। কদিন আগে একটা ভিডিওতে দেখা গেল, বায়ার্ন সমর্থকদের সঙ্গে একটা গানে গলা মেলাচ্ছেন শোয়েইনি। সেটিতে ডর্টমুন্ডকে ব্যঙ্গ করে লেখা একটা পঙ্ক্তি ছিল রীতিমতো আপত্তিকর। অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয়ে যায় তোলপাড়। তাও ভালো, বিচক্ষণ বায়ার্ন মিডফিল্ডার বুঝতে পেরেছেন যে একটা ভুল হয়ে গেছে। নিজের ফেসবুক পেজে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ডর্টমুন্ড সমর্থকদের কাছে তাই ক্ষমা চেয়েছেন। এএফপি।
পিতা-হরণ
অপহরণের ঘটনা দক্ষিণ আমেরিকায় আকছার ঘটে। তবে কয়েক দিন আগে যেটা হলো, তা নিয়ে রীতিমতো তোলপাড়। কার্লোস তেভেজের বাবা সেগুন্দো তেভেজকে তুলে নিয়েছিল দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বুয়েনস এইরেসের উপকণ্ঠে গাড়ি চালাচ্ছিলেন তেভেজ সিনিয়র। অপহরণকারীরা প্রথমে ছিনতাইয়ের জন্যই গাড়িটা থামিয়েছিল। পরে পরিচয় জানতে পেরে তাঁকে তুলে নিয়ে যায়। ফোন করে পরিবারকে জানায়, মুক্তিপণ পেলে মুক্ত করে দেওয়া হবে বন্দীকে। খবর শুনেই ইতালি থেকে উড়ে আসতে চেয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। শেষ পর্যন্ত আর আসতে হয়নি, বাবাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরতে পেরেছেন সেগুন্দো তেভেজ। মুক্তিপণের অঙ্ক নিয়ে তেভেজের পরিবার মুখ খোলেনি। তবে টিভি চ্যানেল সিফাইভএন জানিয়েছে, অঙ্কটা প্রায় চার লাখ ডলার। এএফপি।
বোল্টের কথা
কোথায় অলিম্পিক আর কোথায় কমনওয়েলথ গেমস! দুটির মধ্যে তুলনাই হয় না। তার পরও কমনওয়েলথ গেমস একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা তো বটে। বিশ্বজয়ী অ্যাথলেটরা এটিকে খাটো করে দেখতে পারেন, কিন্তু মুখ ফুটে তো আর বলা যায় না। খেলোয়াড়ি চেতনার সঙ্গেও এটা কোনোভাবে যায় না। উসাইন বোল্ট এবার সেই অপ্রিয় সত্য কথাটি বলেই বিপাকে পড়েছেন। টাইমস অব লন্ডন কয়েক দিন আগে একটা প্রতিবেদন ছাপে। সেখানে তাদের দাবি, বোল্ট কমনওয়েলথ গেমসকে বলেছেন পানশে, ‘অলিম্পিক এটার চেয়ে অনেক অনেক গুণ ভালো।’ বোল্ট অবশ্য দাবি করেছেন, পত্রিকায় তাঁর কথা বিকৃত করা হয়েছে। কিন্তু টাইমস অভিযোগ অস্বীকার করেছে, সাক্ষাৎকারের আগাগোড়াও ছাপিয়ে দিয়েছে পরে। বোল্ট পরে মত পাল্টে বলেছেন, প্রতিযোগিতাটা দারুণ। কিন্তু এখন কি এসব বলে লাভ আছে? ফক্স স্পোর্টস।