অন্যকলাম
অনুতাপগত ম্যাচে জোড়া গোল করেছেন। তাঁর তো পুরো সপ্তাহেই দারুণ মুডে থাকার কথা। কিন্তু দাবি করলেন, তিনিই নাকি এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ! বক্তার নাম মার্টিন স্কার্টেল। লিভারপুলকে এগিয়ে দেওয়া গোলটি করার পর আনন্দে যেন উড়ে যেতে চাইছিলেন। কারণ গোলটা এক বছর পরে পাওয়া ধন! কিন্তু সেই আনন্দ মাটি হয়ে গেল দ্বিতীয়ার্ধে, স্কার্টেল আবার গোল করলেন—আত্মঘাতী! এরপর একেবারে শেষ মুহূর্তে আরেকটি গোল করে ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় টটেনহাম। ‘এত দিন পর গোল করতে পেরে খুবই ভালো লাগছিল। কিন্তু যা হলো তাতে আমি মোটেও সুখী নই’—বলেছেন এই স্লোভাক ডিফেন্ডার। ওয়েবসাইট।পুয়োলের ঔদার্যলাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন, খেলা হবে না লিগের পরের ম্যাচ। সার্জিও রামোস এর মধ্যে শাস্তি পেয়েছেন উয়েফা থেকেও। চ্যাম্পিয়নস লিগেও নিষিদ্ধ এক ম্যাচের জন্য। এটাই তাঁর জন্য যথেষ্ট মনে করছেন কার্লোস পুয়োল। গত এল ক্লাসিকোতে বার্সা অধিনায়ককে ধাক্কা মেরে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার। কিন্তু সেই ঘটনা পুয়োল মনে পুষে রাখেননি, ‘ফুটবল খেলায় এমনটা ঘটতেই পারে। সেদিন এ রকম অনেক সময়ই উত্তেজনার পারদ চড়ে গিয়েছিল। কিন্তু মাঠে যা হয়েছে, সেটা আমি মাঠেই ফেলে রেখে এসেছি।’ এই উদারতা পুয়োল দেখাতেই পারেন। ৫-০ গোলে জেতার পর মনে কোনো খেদ রাখতে নেই! ওয়েবসাইট।এক ছক্কাতেই!কিছু কিছু ছক্কা আছে অমূল্য। যেমন জাভেদ মিয়াঁদাদের সেই ছক্কা। টাকার সাধ্য কি সেই ছক্কার মূল্য বোঝায়। কিন্তু যদি বলা হয় এক ছক্কার দাম ১১ কোটি টাকা? নড়েচড়ে বসতে আপনি বাধ্য। এমন লোভনীয় প্রস্তাব পেয়েছেন মার্কাস ট্রেসকোথিক। এই মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি কিংবা ৪০ ওভারের কোনো ম্যাচে ট্রেসকোথিক যদি লর্ডসের প্যাভিলিয়ন পার করতে পারেন, তাহলে পাবেন ১০ লাখ পাউন্ড। এই প্রস্তাব দিয়েছে ব্যাট প্রস্তুতকারক মঙ্গুজ। লম্বা হাতলওয়ালা এই ব্যাটের সঙ্গে চুক্তি হয়েছে ট্রেসকোথিকের। এরই মধ্যে ট্রেসকোথিক ৫০ ফুট উঁচু লর্ডসের প্যাভিলিয়নের ওপর দিয়ে ছক্কা হাঁকানোর অনুশীলন শুরু করে দিয়েছেন। কাজটা খুবই কঠিন। ইতিহাসে এই কৃতিত্ব একজনেরই আছে—অস্ট্রেলিয়ার অ্যালবার্ট ট্রটের। সেটাও ১৮৯৯ সালের ঘটনা। ওয়েবসাইট।