অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী

ছোটবেলা থেকেই তাঁরা থাকেন এক কক্ষে। তবে দুই বোন একই ছাদের নিচে রুমমেট আর থাকছেন না। শিগগিরই ভেনাস-সেরেনা হয়ে যাচ্ছেন প্রতিবেশী। ফ্লোরিডার বর্তমান বাড়ির কাছেই দুই টেনিস তারকা তৈরি করছেন নিজেদের আলাদা বাড়ি। দুই বোনের নতুন বাড়ি হবে একই রাস্তার এপারে-ওপারে! সেরেনা উইলিয়ামসই জানিয়ে দিয়েছেন তাঁদের পরিকল্পনা, ‘আমি চাই বাড়িটা দেখতে হবে দক্ষিণ ফ্রান্স ও উত্তর ইতালির মুখোমুখি হওয়ার মতো।’ প্যারিসে একটা অ্যাপার্টমেন্ট এবং লস অ্যাঞ্জেলেসেও বাড়ি আছে সেরেনার। তবে ইউরোপিয়ান আদলে নতুন বাড়িটা হবে ঠিক সেরেনার মনের মতো, ‘আমি শুধু সজীব একটা পরিবেশ চাই; ছোট্ট একটা ট্রফি রুম, সুন্দর একটা বাগান এবং ব্যাগ সাজিয়ে রাখার একটা রুমও থাকবে।’ ইউএস ওপেন জিতে পাওয়া ৪০ লাখ ডলার প্রাইজমানি বাড়ি তৈরিতে কাজে দেবে বলেই জানিয়েছেন সেরেনা। টেনিসডটকম।

রাজনীতিতে যুবরাজ?

বাবার দেখানো পথে হেঁটেই তিনি ক্রিকেটার। এবার বাবার মতো রাজনীতিকও হতে যাচ্ছেন যুবরাজ সিং? দেখেশুনে তা-ই মনে হচ্ছে। গুঞ্জনের শুরু পরশু বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে যুবরাজের সাক্ষাতের পর। হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে নাকি ভারতের ক্ষমতাসীন দ্লটির হয়ে প্রচারে নামছেন যুবরাজ। নিজের এলাকায় ভারতীয় অলরাউন্ডারের ভীষণ জনপ্রিয়তাকেই পুঁজি করতে চাইছে বিজেপি। যুবরাজের বাবা সাবেক ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং খেলার ছাড়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে দাঁড়িয়েছিলেন নির্বাচনেও। তবে ক্রিকেট মাঠের মতো রাজনীতির মাঠেও খুব একটা সফল হতে পারেননি যোগরাজ। ছেলে যুবরাজ অবশ্য ২২ গজে সফল। ভারতের ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। এই সাফল্য রাজনীতির মাঠে পান কি না, এখন সেটাই দেখার! এনডিটিভি।

জলে নেমে...

জলে নেমে কি কুমিরের সঙ্গে বিবাদ করলে চলে? মার্সেলো বিয়েলসা বলেই সেই সাহসটা করতে পারছেন। ক্লাবের সবচেয়ে বড় কর্তার মুখের ওপর সমালোচনা করার মুরোদ কয়জনের থাকে? এমনিতেই ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের আর্জেন্টাইন কোচের ঠোঁটকাটা হিসেবে পরিচিতি আছে। তা মার্শেই সভাপতি ভিনসেন্ট লাব্রুন কী করেছিলেন? বোটাফোগো থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডোরিয়াকে কিনে আনার আগে লাব্রুন নাকি বিয়েলসার সঙ্গে কোনো পরামর্শই করেননি। পোড়-খাওয়া এই কোচ তাই অঙ্গীকার ভঙ্গের অভিযোগ এনেছেন সভাপতির বিরুদ্ধে। কিন্তু বিয়েলসার ওপর কি খড়্গ নেমে আসবে? এই সপ্তাহে দুজনের বৈঠকের পরেই বোঝা যাবে সেটি। যা-ই হোক বিয়েলসা তাঁর অবস্থান থেকে সরে দাঁড়াবেন না। গোলডটকম।