অন্যকলাম
হরিজ-কাণ্ডভারত সফরে খেলে যাওয়া নাথান হরিজ তাকিয়ে ছিলেন অ্যাশেজের দিকে। হরিজের প্রতি আস্থাও ছিল অনেকের। কিন্তু নির্বাচকদের মন জয় করতে পারলেন না। তাঁকে সরিয়ে দলে আসেন আনকোরা জেভিয়ার ডোহার্টি। প্রথম দুই টেস্টে ডোহার্টি ব্যর্থ। তাঁকে বাদ দিয়ে নির্বাচকেরা দলে টেনেছেন মাত্রই ৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মাইকেল বিয়ারকে। এতে হরিজ এতটাই কষ্ট পেয়েছেন যে, ক্ষোভে-দুঃখে গায়ে চড়িয়ে টেস্ট খেলা সোয়েটারটাই বিক্রি করে দিলেন! বিক্রি করে দিয়েছেন ক্রিকেট বই, কিছু পোশাক এবং গৃহস্থালি পণ্যও। অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সিডনিতে তাঁর অ্যাপার্টমেন্টের পাশেই হরিজকে দেখা গেছে বিক্রেতা হিসেবে বসে থাকতে। নির্বাচকদের ওপর ক্ষোভ থেকেই যে এসব বিক্রি করেছেন, হরিজের কথাতেই সেটা স্পষ্ট, ‘আমি তো আর অস্ট্রেলিয়া দলে নেই।’ এএফপি।রেসিংয়েবয়স ৩৮ হয়ে গেছে। আর কত? ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের বদলি গোলরক্ষক রবার্তো আবোনদানজিয়েরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, চলতি ক্লাব বিশ্বকাপের পরই ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন। তবে খেলাধুলার জগৎ থেকে দূরে সরে যাচ্ছেন না আর্জেন্টিনার হয়ে ২০০৬ বিশ্বকাপ খেলা গোলরক্ষক। না, কোচ-টোচ কিছু নয়, তিনি রূপ পাল্টে হয়ে যেতে চান কার রেসার। ‘কার রেসিং আমি খুব পছন্দ করি। খেলাটার প্রতি আমার প্রচণ্ড টান। ফুটবল ছাড়ার পর মোটর রেসিংয়ে নামব ভাবছি’—বলেছেন বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক। ফুটবল ছেড়ে রেসিংয়ে নামার নজির খুব একটা নেই। আবোনদানজিয়েরি তাহলে ব্যতিক্রম নজিরই রাখতে যাচ্ছেন! রয়টার্স।হাতাহাতি নয়নামের দিক দিয়ে দুজন দুজনের মিতা। কিন্তু ওই পর্যন্তই। দুই ইয়ান—বোথাম আর চ্যাপেলের মধ্যে কোনো মিতালি নেই। বরং তিন দশকেরও বেশি দুজনের সাপে-নেউলে সম্পর্ক। দুজন সেই সম্পর্কটাই হালনাগাদ করে নিয়েছেন চলতি অ্যাশেজে। অ্যাডিলেডের কার পার্কে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়কের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে লিখেছে ব্রিটেনের ডেইলি মেল। চ্যাপেল অবশ্য অন্যরকম দাবি করলেন, ‘লন্ডন ডেইলি মেল-এর একজন বেশ ভালো একটা গল্প ফেঁদেছে দেখলাম। বোথাম আর আমার মধ্যে কথা-চালাচালি হয়েছে। শারীরিক সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি।’ ওয়েবসাইট।