অন্যকলাম
ফেসবুক নিষিদ্ধঅফিসের বড় কর্তারা ফেসবুক বন্ধ করে দিয়েছে বলে হতাশ? আপনার দুঃখ ভাগাভাগি করে নিতে পারেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। ফেসবুক আর টুইটার দুটোর ব্যবহারই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। জুলকারনাইন হায়দার এই ফেসবুক ব্যবহার করেই দল থেকে পালিয়ে যাওয়ার খবর দিয়েছিলেন, যেটিকে পিসিবি তাদের জন্য অন্যতম লজ্জাজনক কাণ্ড হিসেবে দেখছে। বলা যায়, এর পরই চোখ খুলে গেছে তাদের। আর কোনো ক্রিকেটার যেন এমনটা করতে না পারেন, এ কারণেই এই নিষেধাজ্ঞা। কেউ যদি পাকিস্তানের কোনো ক্রিকেটারের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলেন? সেটার আইনি ব্যবস্থার কথাও ভাবছে পিসিবি। এএফপি।হায় ক্রিকেট!ক্রিকেটের মাথামুণ্ডু কিছুই বুঝতেন না। সত্যি বলতে কি, গত রোববারে প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ক্রিকেট দেখতে। প্রথম দর্শনে প্রেম হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ টেস ও’ররকে নামের নিউজিল্যান্ডের এই তরুণী মাঠ ছেড়েছেন আহত হয়ে। ব্যাটসম্যানের ব্যাট থেকে উড়ে আসা ছক্কা দুম করে লাগে তাঁর মুখে। রক্তারক্তি কাণ্ড। ‘কী বলব, ক্রিকেট আমার কোনো দিনই ভালো লাগেনি। সেদিন আসলে কোনো কাজ খুঁজে না পেয়ে গিয়েছিলাম খেলা দেখতে’—হতাশ কণ্ঠে বলেছেন এই তরুণী। হায় রে কপাল, মাত্র কদিন আগে একটা প্রতিষ্ঠান থেকে নৃত্যশিল্পী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। এখন এই ক্ষত নিয়েই হয়তো নাচতে হবে তাঁকে! ওয়েবসাইট। চেলসিতে দলাদলি!কার্লো আনচেলত্তি মনে হচ্ছে গোবেচারা টাইপের। রাজনীতি বা দলবাজি একদমই বোঝেন না চেলসির ইতালিয়ান কোচ। আর না হলে কি নিজের আসনটা টলমলে হয়ে গেছে, সেটাও বুঝতে পারবেন না! চেলসির বাজে অবস্থা শুরু হওয়ার পর অনেকবারই তাঁকে শুনতে হয়েছে, আপনার ভবিষ্যতের কী অবস্থা? আনচেলত্তি হেসে জবাব দিয়েছেন, ‘আমার কিছু হবে না, সবকিছু ঠিক আছে।’ কিন্তু ভেতরকার খবর, কিছুই ঠিক নেই। ইংলিশ ক্লাবটির এক কর্মকর্তা সানকে জানিয়েছেন, দলের দুঃসময়ে শুরু হয়ে গেছে ক্লিকবাজি। এরই খেসারত দিয়েছেন আনচেলত্তির সহকারী রে উইলকিনস। সামনে শিকার হতে চলেছেন আনচেলত্তিও! জেনে রাখা ভালো, গত সাত বছরে আনচেলত্তি চেলসির ষষ্ঠ কোচ! ওয়েবসাইট।