অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটা ঘায়ে!
কাটা ঘায়ে নুনের ছিটাটা কেমন, ইন্টার মিলান কোচ ওয়াল্টার মাজ্জারি সেটা ভালোই টের পাচ্ছেন। পরশু পারমার কাছে দল হেরেছে, ইন্টার কোচের মেজাজ এমনিতেই ভালো ছিল না। তার ওপর আবার খোঁচাও সইতে হয়েছে। সেটি দিয়েছেন আন্তোনিও কাসানোর বান্ধবী ক্যারোলিনা। টুইটারে লিখেছেন, ‘এই সেই গাধা, যার জন্য আন্তোনিওকে ইন্টার ছাড়তে হয়েছিল। তলোয়ারের পাশে থাকলে খোঁচা তো খেতেই হবে।’ বোঝাই যাচ্ছে, মাজ্জারির ওপর পুরোনো রাগ আছে কাসানোর। তাঁর হয়ে সেটা বান্ধবীই ঝেড়েছেন। দুই বছর আগে মাজ্জারি ইন্টারে এসেছিলেন। সে সময় কাসানোও খেলতেন ইন্টারে। এই স্ট্রাইকারের দাবি, মাজ্জারি তাঁকে এক নম্বর স্ট্রাইকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি। গত বছরেই কাসানো ইন্টার ছেড়ে পাড়ি জমান পার্মায়। পুরোনো ক্লাবের বিপক্ষে পরশু জয় পেয়ে একদিকে তাই প্রতিশোধও নেওয়া হয়ে গেল কাসানোর! এএফপি।
মরিনহোর চাওয়া
ঘরের মাঠের দর্শক সব সময়ই বাড়তি অনুপ্রেরণা। অবিশ্রান্ত গলা ফাটিয়ে দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে তারা। কিন্তু যখন জানবেন, চেলসির মতো দল নিজেদের মাঠে জয় পেলেও দর্শক সমর্থন পায় না—তখন একটু বিস্মিত তো হবেনই! হোসে মরিনহোর দল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে, সর্বশেষ ঘরের মাঠে কিউপিআরের বিপক্ষে ২-১ গোলে জিতেছেও। কিন্তু তার পরও কোথায় যেন সুরটা ছিল কাটা, স্ট্যামফোর্ড ব্রিজে সমর্থকদের যে উচ্ছ্বাসই ছিল না! মরিনহো এটি মানতে পারছেন না, ‘সবাই জানে, ক্লাব এবং সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কটা কত উষ্ণ, কিন্তু এই মুহূর্তে আমাদের ঘরের মাঠে খেলা কঠিন, যেন খেলতে হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে!’ চেলসি কোচ চাইছেন এখন থেকে যেন সমর্থকেরা গলা ফাটান দলের জন্য। মিরর অনলাইন।
অন্য স্টারিজ
যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। ডেভিড বেকহাম তো আগেই এটা করে দেখিয়েছেন। ফুটবলটা যেমন দারুণ খেলতেন, তেমনি ছিলেন দুর্দান্ত রকম ফ্যাশনসচেতন। ড্যানিয়েল স্টারিজ ফুটবলটা মন্দ খেলেন না, তাই বলে ফ্যাশন নিয়েও যে বেশ ভাবেন সেটা হয়তো অনেকেই জানেন না। লিভারপুলের এই স্ট্রাইকার কিন্তু দারুণ ফ্যাশনদুরস্ত। ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে গেছেন স্টারিজ। এটাই ইংল্যান্ডে ফ্যাশনসংক্রান্ত একমাত্র পুরস্কার, যেখানে দর্শকেরা সরাসরি ভোট দিতে পারেন। এরই মধ্যে টুইট করে স্টারিজ অনুসারীদের শুভকামনাও চেয়েছেন। তবে জেতাটা মোটেই সহজ হবে না। বাঘা বাঘা সব তারকারা যে তাঁর প্রতিদ্বন্দ্বী। বেকহাম তো আছেনই, জর্জ ক্লুনির আইনজীবী স্ত্রী আমাল আলামুদ্দিন, শারলকখ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ, রুপালি পর্দার এমা ওয়াটসন, কিরা নাইটলি...কে নেই! লিভারপুলইকো।