অন্যকলাম
গোলাপি ঢেউকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ড যেন হয়ে গিয়েছিল গোলাপি এক সমুদ্র। ৪০ হাজার দর্শকের বড় অংশই গোলাপি শার্ট, স্কার্ট, ব্যান্ডানা, উইগ পরে এসেছিল। অনেকে সূর্যতাপ থেকে ত্বক রক্ষার ক্রিমও ব্যবহার করেছিল গোলাপি রঙের। সবই ম্যাকগ্রা ফাউন্ডেশনের মহৎ উদ্যোগকে সমর্থন জানিয়ে। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা আর তহবিল গড়ে তুলতে সাবেক পেসার ম্যাকগ্রা কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম সিডনি টেস্টটি পিংক টেস্ট হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। তবে যাদের সমর্থন সবচেয়ে জরুরি, ম্যাকগ্রা সেটাই পাচ্ছেন। সাধারণ মানুষের। সিডনি টেস্টের প্রথম তিন দিনে ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি সংগ্রহ করেছে ম্যাকগ্রা ফাউন্ডেশন। ওয়েবসাইট।তেভেজকে ফেরাতেকার্লোস তেভেজ মত পাল্টেছেন। আরেকবার পাল্টাতে কতক্ষণ! বোকা জুনিয়র্স সমর্থকেরা তাই আশায় বুক বেঁধেছে। ম্যানচেস্টার সিটি থেকে তেভেজকে ফিরে আসার আশা আপাতত ক্ষীণ হলেও তারা হাল ছাড়তে নারাজ। ‘ফিরে এসো তেভেজ’ এই ব্যানারে বোকার সমর্থকেরা ১ লাখ স্বাক্ষর জোগাড়ের চেষ্টা করছে। লাখো সমর্থকের সেই সইয়ের ভিড়ে জ্বলজ্বল করছে ডিয়েগো ম্যারাডোনারটাও। তেভেজকে ফিরিয়ে আনার ‘আন্দোলনে’ যে যোগ দিলেন আর্জেন্টাইন কিংবদন্তিও। ম্যারাডোনাও একসময় বোকার তারকা ছিলেন। এখনো বোকার একজনই মনে করেন নিজেকে। তেভেজের সঙ্গে আবার তাঁর দারুণ সম্পর্ক। দেখা যাক, ম্যারাডোনার আবেদন ফেলতে পারেন কি না তেভেজ। ওয়েবসাইট।বাতিলখবরটা জানা না থাকলে অস্ট্রেলীয় দর্শকদের অনেকেই আজ টিভি খুলে অবাকই হয়েছেন। চ্যানেল নাইনে নির্ধারিত সময়ে যে দেখানো হয়নি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করা টিভি শো ‘ওয়ার্নি’। অনুষ্ঠানের শেষ পর্বটা প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন। কারণ? অ্যাশেজে অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্স। মাঠে যারা খেলা দেখতে যাচ্ছে, তাদের সিংহভাগই ইংল্যান্ডের সমর্থক। মেলবোর্নে ইংল্যান্ডের অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হওয়ার পর অ্যাশেজ নিয়ে উত্তেজনার পারদ অস্ট্রেলীয়দের মধ্যে হু হু করে নেমে গেছে। শেন ওয়ার্নের উপস্থাপিত অনুষ্ঠানটির শেষ পর্ব তাই প্রচার করবে না চ্যানেল নাইন। ওয়েবসাইট।