অন্যকলাম
ইট-পাটকেল
ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষকে আপনি ‘অকর্মা’ বলেছেন! এত বড় স্পর্ধা কয়জনের আছে? মাইকেল জর্ডান সেই বিরলতম মানুষদের একজন। এই বাস্কেটবল কিংবদন্তি কাকে অকর্মণ্য বলেছেন জানেন? বারাক ওবামাকে! না, ওবামার দেশ পরিচালনা নিয়ে জর্ডান কোনো প্রশ্ন তোলেননি। অত বোকা তিনি নন। প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্টের গলফের দক্ষতা নিয়ে। জর্ডানের ভাষায়, রাজনীতিতে দারুণ চৌকস হলেও ওবামা গলফে একেবারেই যাচ্ছেতাই। প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, জর্ডান এমনি এমনি পার পেয়ে যাবেন? পাননি, ঠিকই ‘শাস্তি’ পেতে হয়েছে, ওবামা কথা দিয়েই খোঁচা দিয়েছেন। জর্ডান এনবিএ বাস্কেটবল দল শার্লোট হরনেটসের মালিক। ওবামা তাঁকে পরামর্শ দিয়েছেন সেদিকেই মনোযোগ দিতে। সঙ্গে এটাও জানাতে ভোলেননি, জর্ডানের মতো ১৫ বছর ধরে দিনে দুবার গলফ খেললে তিনিও কম যেতেন না! বিজনেস ইনসাইডার।
সিরিজ উদ্যাপন!
ফুটবল মাঠে গোলের পর অনেক রকম উদ্যাপন দেখেছেন। কিন্তু ‘সিরিজ উদ্যাপন’ কখনো দেখেছেন? ভেঙে ভেঙে তিনটি ম্যাচে গোল করে তবেই শেষ হয়েছে এই উদ্যাপন! বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার মার্কো রয়েসের এই উদ্যাপন ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। দুই দিন আগে চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে দলের প্রথম গোল করে উদ্যাপনের সময় ‘মুখ চেপে’ ধরেন! তার আগে বায়ার্নের বিপক্ষে গোলের পর ‘কান চেপে’ ধরেছিলেন, সেন্ট পাওলির বিপক্ষে গোলের পর উদ্যাপন ছিল ‘চোখ বন্ধ’ করা! রয়েসের এই উদ্যাপন হেতু আইফোন মেসেঞ্জারের বিখ্যাত বানরের তিনটি ইমোটিন। ওই ইমোটিনগুলোর অনুকরণেই রয়েসের এই উদ্যাপন। এর মূল অর্থ হচ্ছে, অশুভ কিছু দেখব না, অশুভ কিছু বলব না এবং অশুভ কিছু শুনব না। দেখা যাক, রয়েসের উদ্যাপনে নতুন কী আসে এরপর! মেইল অনলাইন।