অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়ালে নিষেধাজ্ঞা!
সাফল্য কিংবা ব্যর্থতা; সাধারণত এই দুটি ছাড়াও খেলোয়াড়েরা খবরের শিরোনাম হন আরেকটি কারণে, সেটি হলো ‘নিষেধাজ্ঞা’! অমুক খেলোয়াড় নিষেধাজ্ঞা পেতে পারেন, পেতে যাচ্ছেন, পেয়েছেন...ইত্যাদি! এই যেমন চীনা সাঁতারু সুন ইয়াং প্রচারমাধ্যমের নাকের ডগায়, ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে এই বছরের মে থেকে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা পেয়েছিলেন। মজার ব্যাপার যে এটি জানা গেল এত দিন পর! সেই শাস্তির মেয়াদ কাটিয়ে এশিয়ান গেমসে সুন তিনটি স্বর্ণপদকও জিতেছেন। চীনা কর্তৃপক্ষ অবশ্য সাফাই গাইছে, ২২ বছর বয়সী সুন স্বেচ্ছায় নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন নেননি। তাই অল্প কদিনের জন্যই নিষিদ্ধ ছিলেন তিনি। সেটা না হয় বোঝা গেল, কিন্তু নিষেধাজ্ঞার খবরটিকে লুকিয়ে রাখা হলো কেন? এএফপি।
ব্র্যান্ডাওয়ের ক্ষমা
‘এতক্ষণে—অরিন্দম কহিলা বিষাদে’! থিয়াগো মোত্তাকে ঢুস মেরেছেন প্রায় তিন মাসেরও বেশি হয়ে গেছে। এরপর ঘটনাটার তদন্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়ে ফ্রেঞ্চ লিগে ব্র্যান্ডাও ছয় মাসের জন্য নিষিদ্ধও হয়েছেন। এত দিন তিনি চুপই ছিলেন। অবশেষে বোধোদয় হলো বাস্তিয়ার ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। খেলা শেষে টানেলে সেই কেলেঙ্কারির জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। খুবই নিন্দিত কাজটির জন্য তিনি অনুতাপও প্রকাশ করেছেন। কিন্তু কেন তিনি অমন করেছিলেন? ব্র্যান্ডাওয়ের দাবি, ম্যাচের সময় পিএসজি মিডফিল্ডার মোত্তা তাঁকে যা-তা বলে উসকানি দিচ্ছিলেন। কিন্তু মোত্তা কী এমন বলেছিলেন সেটা নিয়ে অবশ্য কোনো মন্তব্য তিনি করেননি। এএফপি।
রজার্সের বোধোদয়
ফুটবলে কোচ দুই ধরনের; ছাঁটাই হয়েছেন এবং ছাঁটাই হতে যাচ্ছেন। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের উপলব্ধি, তিনি শিগগিরই শেষ দলটিতে পড়তে যাচ্ছেন। টানা চার ম্যাচ হার ও প্রিমিয়ার লিগের এক ডজন ম্যাচ থেকে মাত্র ১৪ পয়েন্ট পাওয়া লিভারপুল কোচ আর কী-ই বা বলতে পারেন! অথচ গত মৌসুমে দৃশ্যপট ছিল ভিন্ন। চারদিকে শুধু রজার্স-স্তুতি, অল্পের জন্য লিভারপুল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে পারল না। কিন্তু গতবারের সাফল্যের অন্যতম নায়ক সুয়ারেজ বার্সেলোনা যাওয়ার পরেই পাল্টে গেল চিত্র। লিভারপুল এখন ধুঁকছে, এরই মধ্যে লিগের শীর্ষ দল চেলসির থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে দলটি। রজার্স তাই বলছেন, ‘আমি এতটা দাম্ভিক নই যে এর পরও বলব আমার চাকরি থাকছেই।’ গোলডটকম।