অন্যকলাম
চোখে লেজারচোট পেলে তার চিকিৎসা আছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে গিয়ে বিপত্তিতে পড়লেন, তা থেকে মুক্তির উপায় কী? পরশু কিংস কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর খেলোয়াড়দের সঙ্গে রোনালদোর প্রতিপক্ষ ছিল লেজারও! ফ্রি-কিক নিচ্ছিলেন, কে বা কারা তাঁর চোখে ফেলে সবুজ লেজার রশ্মি। ঘটনাটি এএফপির ক্যামেরাম্যানের চোখ এড়ায়নি। রোনালদোর লেজার-বিপত্তি এটাই অবশ্য প্রথম নয়। গত অক্টোবরে মুর্সিয়ার ম্যাচেও ফ্রি-কিক নেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় লেজার। ২০০৮-এ ফ্রান্সের অলিম্পিক লিওঁকে তো ৫০০০ সুইস ফ্রাঁ জরিমানাই করেছিল উয়েফা। রোনালদো তখন ম্যানইউতে। ম্যানইউ-লিওঁর চ্যাম্পিয়নস লিগ ম্যাচে রোনালদোর চোখে ফেলা হয় লেজার। এএফপি।বউয়ের প্রেরণাচরম দুঃসময়ে স্ত্রীর চেয়ে বড় প্রেরণাদাত্রী আর কে হতে পারেন! আর স্ত্রী যদি হোন ক্রীড়াঙ্গনের একজন, তা হলে তো কথাই নেই। পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে তো নেই-ই, বিশ্বকাপের দলেও নেই শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ক্যারিয়ারের কঠিন এই সময়ে তাঁর অনুপ্রেরণা স্ত্রী সানিয়া, ‘ক্রীড়াঙ্গনের একজন হিসেবে সানিয়া জানে এমন পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়তে হয়। সেও উত্থান-পতনের মধ্য দিয়েই এসেছে। আমি খুবই ভাগ্যবান যে সানিয়া আমার স্ত্রী। এই পরিস্থিতি সামলাতে প্রতিটি পদক্ষেপেই সে আমাকে সাহায্য করছে।’ সাহায্য করতে ভারতের টেনিসকন্যা সানিয়া যদি বাংলাদেশেও চলে আসেন, অবাক হবেন না। মালিক এখন ঢাকায়, মোহামেডানের হয়ে খেলছেন প্রিমিয়ার ক্রিকেট লিগে। ওয়েবসাইট।ওজনিয়াকির ‘রিটার্ন’এই বিশ্বে সাংবাদিকদের মুখ থেকে সর্বাধিক উচ্চারিত প্রশ্ন কোনটি? ‘বলুন, আপনার কেমন লাগছে?’ ক্রীড়াঙ্গনও ব্যতিক্রম নয়। যেমন ব্যতিক্রম নয়, অনেক ক্রীড়া তারকা আছেন, যাঁরা উত্তর দেন প্রায় একই ভাষায়। ক্যারোলিন ওজনিয়াকির ব্যাপারেও সাংবাদিকদের তেমন আপত্তি। মেয়েদের এক নম্বর তারকার সংবাদ সম্মেলনগুলো নাকি একঘেয়ে। কাল তৃতীয় রাউন্ডে জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হতেই ওজনিয়াকি তাই চমকে দিলেন। প্রথমেই বললেন, ‘তাহলে আমি আমার কথা শুরু করি।’ সাংবাদিকেরা অবাক। এখনো তো কেউ প্রশ্নই করল না! এবার সার্ভটার মোক্ষম রিটার্ন দিলেন ওজনিয়াকি, ‘আমি সব সময় একই রকম কথা তো বলবই, আপনারা যে সব সময় একই রকম প্রশ্নই করেন। আজও তাই জানি, কী কী প্রশ্ন আসবে। আমি তাই সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি।’ শাবাশ! রয়টার্স।