অন্যকলাম
বড় কপাল!ক্রীড়া প্রতিবেদক মাথায় না হয় চুল একটু কমই আছে, তাই বলে এই রসিকতা! টাক নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের রসিকতার শিকার কাল বিসিবির তিন পরিচালক শফিকুর রহমান, এনায়েত হোসেন ও জালাল ইউনুস। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থের চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পড়লেন বিসিবি পরিচালকত্রয়ীর টাক নিয়ে, ‘ওনাদের কপাল অনেক বড়...।’ বাদ গেলেন না মুণ্ডিত মস্তক জেমি সিডন্সও, ‘...সবচেয়ে বড় কপাল আমাদের কোচ জেমি সিডন্সের...।’ বিসিবিতে যখন এত ‘বড় কপালের’ সমারোহ, প্রতিমন্ত্রীর আশা, বিশ্বকাপে নিশ্চয়ই কোনো সৌভাগ্যই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য!বাবা টাইসনমাইক টাইসন মানেই খবর! খবর না বলে বেখবর বলাই ভালো। যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি তাঁর জীবনে খবরের চেয়ে বেখবরই যে হয়েছেন বেশি। কখনো রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে, কখনো আবার ধর্ষণের দায়ে জেলহাজতে গিয়ে। তবে এবার বেখবর হয়ে নয়, পত্রিকায় পাতায় এসেছেন খবর হয়েই। আবার বাবা হতে চলেছেন টাইসন। ক্যারিয়ারে যেমন অনেক শিরোপা জিতেছেন, তেমনি জনকও হয়েছেন অনেক সন্তানের। যে সন্তান আসছে, সেটি তাঁর অষ্টম! টাইসনের বর্তমান স্ত্রী লাখিয়া স্পাইসারের অবশ্য দ্বিতীয়। ওয়েবসাইট। গেইল-তাণ্ডবকুইন্সল্যান্ড আবার ভাসল। আগে ভেসেছিল ভয়াবহ বন্যায়। পরশু ভাসল ক্রিস গেইল-তাণ্ডবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের ৪০ বলে ৯২ রানের ইনিংসে বিগ ব্যাশ টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছে কুইন্সল্যান্ড। তবে কুইন্সল্যান্ডের এই ছিটকে পড়ার দিকে কি কারও খেয়াল ছিল এদিন! সবাই তাকিয়ে ছিল কুইন্সল্যান্ডের বন্যাদুর্গতদের জন্য গেইল কী করতে পারেন সেদিকে। একটি মদ প্রস্তুতকারক কোম্পানি ঘোষণা দিয়েছিল, এই ম্যাচে প্রতিটি চারের জন্য ৫০০ ও ছয়ের জন্য ১ হাজার ডলার করে দেওয়া হবে যার পুরোটাই যাবে বন্যাদুর্গতের সাহায্যে। গেইল বন্যাদুর্গতের সাহায্যের জন্য কুইন্সল্যান্ডকে ভাসিয়ে তুলেছেন ১১ হাজার ৫০০ ডলার। মেরেছেন ৭টি চার ও ৮টি ছক্কা! ওয়েবসাইট।