অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ওয়ার্নার
ব্যাটের মতো ডেভিড ওয়ার্নারের কলমও (পড়ুন কিবোর্ড!) সমানে চলে। অস্ট্রেলিয়ান ওপেনারের নতুন এক প্রতিভার কথা জানা গেল এবার, লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন! ছোটদের জন্য ‘কাবুম কিড’ নামে একটা ধারাবাহিক সিরিজ লিখছেন। বিষয় হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটকেই। এক স্কুলবালকের ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার কাহিনিটাই শোনাবেন ওয়ার্নার। মজার ব্যাপার, বইয়ের মূল চরিত্রের নামটাও রেখেছেন নিজের সঙ্গে মিলিয়ে, ডেভি ওয়ার্নার! সিরিজটিতে থাকছে চারটি বই, ‘দ্য বিগ সুইচ’, ‘প্লেয়িং আপ’, ‘কিপ ইট ডাউন’, ‘হিট ফর সিক্স’। প্রতিটি বইয়ের দাম ভারতীয় মুদ্রায় ১৯৯ রুপি করে পড়বে। বইটির প্রকাশক সাইমন অ্যান্ড সুস্টার জানিয়েছেন, শিশুদের মনোজগতের দারুণ এক বিশ্লেষণ করেছেন ওয়ার্নার। মূলত ৭ থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য লেখা হয়েছে বইটি। পিটিআই।
মন্ত্রী রানাতুঙ্গা
খেলার মাঠে অন্যায়-অবিচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন সব সময়। এবার নীতিনির্ধারক হয়ে অর্জুনা রানাতুঙ্গা সেসব কতটা দূর করতে পারবেন? শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবার বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কদিন আগেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয়েছেন মাইথ্রিপালা সিরিসেনা। সিরিসেনার নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী ‘ক্যাপ্টেন কুল’। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুর তুলেছেন কণ্ঠে, ‘দুর্নীতি দূর করাটাই আমার অগ্রাধিকার। আমি নিশ্চিত করতে চাই কোনো দুর্নীতিবাজ রাজনীতিকদের আমাদের দলে ঠাঁই নেই।’ মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা অবশ্য প্রথম নয়, এর আগে পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে পূর্ণ মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা এটাই প্রথম। এর আগে শ্রীলঙ্কার আর কোনো সাবেক ক্রিকেটারই এই সম্মান পাননি। সনাৎ জয়াসুরিয়া আগের সরকারের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এএফপি।