অন্যকলাম
মিসরের জন্যক্ষোভে উত্তাল মিসর। হোসনি মোবারকের তিন দশকের শাসনের বিরুদ্ধে ফুঁসছে আফ্রিকার দেশটি। এই সময় মিসরের ক্লাব জামালেক খেলতে গেছে কেনিয়ায়, আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে। পরশু দলটি প্রথম লেগে ৪-০ গোলের জয়ও পেয়েছে স্বাগতিক উলিনজি স্টারসের বিপক্ষে। আর এই জয় জামালেক উৎসর্গ করেছে মিসরকেই। ‘এই জয় মিসরের জন্য। দেশের যা পরিস্থিতি, তাতে এই খেলায় মনোযোগ দেওয়া আমার খেলোয়াড়দের জন্য ছিল কঠিন। তবে আমরা আমাদের সেরাটাই দিয়েছি। আমাদের আশা ও প্রার্থনা, দুই সপ্তাহ পর যখন ফিরতি লেগের ম্যাচটা খেলব, দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে’—বলেছেন দলটির কোচ হোসাম হাসান। এএফপি। রক্তমাংসের মানুষ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কতবার আম্পায়ারের ভুল কিংবা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের শিকার হয়েছেন। কিন্তু আম্পায়ারের ওপর ক্ষোভ প্রকাশ কিংবা নালিশ জানাতে কখনোই দেখা যায়নি। শচীন টেন্ডুলকার অবশ্য স্বীকার করলেন, রাগ তাঁরও হয়। বিশেষ করে দল যখন হেরে যায়। অনেক সময় ড্রেসিংরুমে রাগের মাথায় অনেক কিছু করে ফেলেন। ‘কিন্তু মাঠে আপনাকে আবেগ নিয়ন্ত্রণে রাখতেই হবে। আপনি তো দেশের প্রতিনিধিত্ব করছেন’—টেন্ডুলকারের ব্যাখ্যা। বাবার কবিতা নিয়ে তৈরি গানের সিডি উন্মোচনের অনুষ্ঠানে টেন্ডুলকার জানালেন, বাড়িতে অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। কখনো কখনো তাঁর মা আর স্ত্রীর ওপর রাগারাগিও করে ফেলেন। টেন্ডুলকারও তাহলে রক্তমাংসের মানুষ! ওয়েবসাইট।সাইদের চাওয়াএদিকে ভারতীয় এক মালিক ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স কেনার পর থেকে একের পর এক ফাঁকা বুলি দিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কাজির গরু কেতাবেই থেকে যাওয়ার মতো অবস্থা। আরেক ভারতীয় ধনকুবের স্প্যানিশ ক্লাব রেসিং সান্তান্দার কেনার পর দড়াম করে বলে বসলেন, নিকট ভবিষ্যতে এই ক্লাব নাকি বিশ্বের শীর্ষ দলগুলোর একটি হয়ে যাবে। লা লিগায় পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে পঞ্চম স্থানে থাকা সান্তান্দারের নতুন মালিক আহসান আলী সাইদের মন্তব্য, ‘আমার লক্ষ্য বছর ঘুরে আসার আগেই রেসিংকে বিশ্ব ফুটবলের নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে রেসিং সান্তান্দারও একটি ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হবে।’ রয়টার্স।