অন্যকলাম
বোল্ট ও মার্লে২০১২ লন্ডন অলিম্পিকে বোল্টের সঙ্গে থাকবেন মার্লেও। জ্যামাইকার কিংবদন্তি র্যাগে সংগীতজ্ঞ বব মার্লে তো সেই কবেই পৃথিবী ছেড়েছেন। তাহলে কোন মার্লে সঙ্গী হচ্ছেন উসাইন বোল্টের? বব মার্লে-তনয়া সেডেল্লা মার্লে। সেডেল্লা বোল্টের মতো স্প্রিন্টার নন। সেডেল্লা একজন শিল্পী, লেখক ও ফ্যাশন ডিজাইনার। লন্ডন অলিম্পিকে স্প্রিন্টের রাজা বোল্ট ট্র্যাকে এবং বিজয়মঞ্চে পরবেন সেডেল্লার নকশা করা পোশাক। জ্যামাইকান অন্য অ্যাথলেটরাও তাই পরবেন। বিষয়টি নিয়ে দুজনই রোমাঞ্চিত। সেডেল্লা মার্লে বলেছেন, ‘আমরা দুজনই রেকর্ড ভাঙি।’ আর বোল্টের কথা, ‘আমাদের অলিম্পিক পোশাকের ডিজাইন করার ক্ষেত্রে সেডেল্লার চেয়ে ভালো আর কে হতে পারত!’ ওয়েবসাইট। রোনালদো পাগল!আত্মম্ভরী, হিংসুটে, ডাইভার, অভিনেতা, স্বার্থপর...ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেকেই অনেক নেতিবাচক উপমা দিয়েছে। কখনো হেসে, কখনো আবার রেগে এসব উড়িয়ে দিয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা। নতুন যে উপমাটা পেয়েছেন, সেটা শুনে হাসবেন নাকি রাগবেন? ওসাসুনার স্ট্রাইকার পানদিয়ানি ঠারেঠোরে রোনালদোকে যে পাগল বললেন! গত বুধবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের মাঝবিরতিতে রোনালদোর সঙ্গে ঝগড়া বেধেছিল তাঁর। সেই ঝগড়ার পর পানদিয়ানির মনে হয়েছে রোনালদোর ‘স্ক্রু ঢিলা’। উত্তপ্ত বাক্য-বিনিময়ের সময় রোনালদো নাকি পানদিয়ানিকে প্রশ্ন করেছিলেন, ‘বেতন কত?’ পাল্টা জবাব পানদিয়ানি মাঠেই দিয়েছেন। এরপর সাংবাদিকদের মাধ্যমে রোনালদোকে একটা ‘পরামর্শ’ও দিয়েছেন, ‘মেসিকে দেখে ভদ্রতা শেখো।’ এএফপি।টুইটার-যুদ্ধ‘বিশাল ছক্কা’—ধারাভাষ্যকারের কণ্ঠে কতবারই না শুনেছেন। কিন্তু ছয় মেরে ব্যাটসম্যান নিজেই যদি এটা বলেন! এমন অদ্ভুত কাণ্ডই করেছেন ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশে বেন হিলফেনহসকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে খুশিতে নিজেকে ধরে রাখতে পারেননি ওয়ার্নার, চিৎকার করে ওঠেন, ‘ম্যাসিভ সিক্স!’ ব্যাপারটা ভালো লাগেনি ব্রেট গিভসের। টুইটারে ওয়ার্নারকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন হিলফেনহসের সতীর্থ পেসার। ব্যাট হাতে আক্রমণাত্মক ওয়ার্নার গিভসকে পাল্টা জবাব দেন আক্রমণাত্মক এক স্ট্যাটাসে। ব্যস, শুরু হয়ে যায় দুজনের টুইটার-যুদ্ধ। একপর্যায়ে ওয়ার্নার গিভসকে বলে ফেলেন ‘মুরগি!’ দুই অস্ট্রেলিয়ানের এই যুদ্ধ অনেকেই চুটিয়ে উপভোগ করলেও ভালো লাগেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার। দুজনকেই তিরস্কার করে সাবধান করে দিয়েছে তারা। ওয়েবসাইট।