অন্যকলাম
বোলার জুনায়েদ!ক্রীড়া প্রতিবেদক রাজশাহী লিগে মাঝেমধ্যে বল করতেন। জাতীয় দলের নেটেও দু-চারবার বল হাতে নিয়েছেন। কিন্তু জুনায়েদ সিদ্দিক বোলিংটা নিয়ে এবার যেন একটু বেশিই সিরিয়াস! বলা ভালো, তাঁকে বোলিং করানোর ব্যাপারে সিরিয়াস কোচ জেমি সিডন্স আর বোলিং কোচ ইয়ান পন্ট। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও যথেষ্টই সময় দিচ্ছেন টপ-অর্ডার এই ব্যাটসম্যান। সেই বোলিংয়ে চোখ রাখছেন কোচরা, টুকটাক পরামর্শও দিচ্ছেন। কে জানে, ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিংটাও জানা অলরাউন্ডারের অভাব বিশ্বকাপে জুনায়েদকে দিয়েই পূরণ করতে চাচ্ছেন কিনা সিডন্স! জুনায়েদ অবশ্য বললেন, ‘টুকটাক বোলিং যেহেতু করতামই, প্র্যাকটিসটা তাই রাখছি। নইলে ব্যাটিংটাই বেশি উপভোগ করি।’জীবন বাঁচাতেজান বাঁচানো ফরজ। আর সেই ফরজ কাজটিই করলেন ‘ব্রাজিল’ দলের স্প্যানিশ কোচ অ্যান্টোনিয়ো লোপেজ। সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে কোচের দায়িত্ব ছেড়ে দেন তিনি। ব্রাজিল দলে এই নামের কোচ আবার কোত্থেকে এলেন, জানতে চাইতে পারেন ব্রাজিল-ভক্তরা। এই ‘ব্রাজিল’ দলটি আসলে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের দল মামেলোডি সানডাউন্স। ব্রাজিলের মতো একই রঙের জার্সি পরার কারণেই এই নাম। দল খারাপ করায় তাঁকে হত্যার হুমকি দেয় উগ্র সমর্থকেরা। খুনখারাবির জন্য কুখ্যাত দক্ষিণ আফ্রিকায় থাকা নিরাপদ নয় ভেবে চম্পট দিয়েছেন লোপেজ। গত সপ্তাহে মাঝারি সারির এক দলের সঙ্গে ড্রয়ের পর পুলিশি পাহারায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ওয়েবসাইট। লঙ্কায় নিষেধাজ্ঞা বিশ্বকাপ উপলক্ষে রাজধানী ঢাকায় চলছে সৌন্দর্যবর্ধন কার্যক্রম। প্রধান প্রধান সড়ক মেরামত, রাস্তার পাশের খুপরি দোকান গুঁড়িয়ে ফেলা—কত কী! শ্রীলঙ্কানদের তুলনায় এসব অবশ্য কিছুই না! বিশ্বকাপের সময় বাসাবাড়ির বারান্দায়, গ্রিলে, ছাদে—রাস্তা থেকে দৃশ্যমান কোথাও কাপড়ও শুকাতে পারবে না শ্রীলঙ্কানরা। সর্বত্রই অবশ্য নয়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় বসবাসকারীদের ওপরই জারি হয়েছে নিষেধাজ্ঞা। ৮ কোটি ডলার ব্যয়ে তিলোত্তমা বানিয়ে তোলা প্রেমাদাসা স্টেডিয়ামে একটি সেমিফাইনালসহ বিশ্বকাপের ম্যাচ হবে ৭টি। ৩৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের পাশেই নিম্ন-আয়ের লোকদের আবাসিক প্রকল্প। ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশ প্রচুর প্রচার পাবে। কাজেই আমরা লোকজনকে বিশ্বকাপের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নিতে বলেছি’—বলেছেন কলম্বোর বিশেষ কমিশনার ওমর কামিল। ওয়েবসাইট।