অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনোলাই জানেন
পুরোটাই প্রচারের আলোয় আসার একটা ফন্দি? নাকি ডেভিড জিনোলা আসলেই ফিফার সভাপতি পদে সেপ ব্ল্যাটারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? কাল যা জানা গেল, তাতে অবশ্য সাবেক এই ফ্রেঞ্চ ফুটবলারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। দুদিন আগে জিনোলা ঘোষণা দিয়েছেন, ফিফা সভাপতি পদে ব্ল্যাটারের বিরুদ্ধে দাঁড়াবেন। কাল আইরিশ বাজিকর প্রতিষ্ঠান প্যাডি পাওয়ার স্বীকার করেছে, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা জিনোলাকে আড়াই লাখ পাউন্ড দিয়েছে। নির্বাচনে লড়তে জিনোলা টাকা নিয়েছেন, তাও আবার বাজিকর প্রতিষ্ঠান থেকে! জিনোলা অবশ্য জোর গলায় বলছেন, টাকা নিয়েছেন নিজের খরচ চালানোর জন্য।
এটিকে পুঁজি করে বাজিকরদের কাছ থেকে অর্থ উপার্জনের কোনো ইচ্ছা নেই। প্যাডি পাওয়ারও দাবি করছে, ফুটবলের বৃহত্তর স্বার্থেই তারা এই অর্থ দিয়েছে। কিন্তু পরিস্থিতি যে বলছে, ডাল মে কুছ কালা হ্যায়! রয়টার্স।
বিচ্ছেদ!
ঠিক যেন বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্য। শাশুড়ি-বউয়ের খিটিমিটি, শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে স্ত্রীর মন-কষাকষি। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে মন-কষাকষিটা মনে হচ্ছে বিচ্ছেদ পর্যন্তই গড়িয়েছে! ব্যালন ডি’অরে প্রেমিকা ইরিনা শায়াক না আসার পর প্রশ্ন উঠে গিয়েছিল, দুজনের মধ্যে কি বিচ্ছেদ হয়ে গেছে? এরপর রাশিয়ান সুপার মডেলকে টুইটারে রোনালদোকে ‘আনফলো’ করার পর আরও হাওয়া লাগল গুজবের পালে। পর্তুগিজ সংবাদপত্র কোরেইয়ো ডা মানহা বের করে এনেছে হাঁড়ির খবর। ইরিনা ও ছেলেকে নিয়ে বড়দিন উদ্যাপন করতে রোনালদো গিয়েছিলেন দুবাইয়ে। ইচ্ছা ছিল মায়ের জন্মদিনে হাজির হয়ে চমকে দেবেন। নতুন বছরের উদ্যাপনও পর্তুগালেই করতে চেয়েছিলেন। কিন্তু ইরিনা তাতে রাজি হননি, রোনালদোর সঙ্গে পর্তুগালেও যাননি। রোনালদোর মায়ের সঙ্গে আগে থেকেই নাকি চাপান-উতোর তাঁর। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারকা নতুন বছর উদ্যাপন করেছেন ছেলেকে নিয়েই। এর পরই দুজনের পথ দুটি দিকে গেছে বেঁকে! ইয়াহু সকার।