অন্যকলাম
ভালদানোর দাবিমেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের তর্কে কিছুটা ভাটা পড়েছে। তবে বর্তমান সময়ের সেরা দুই ফুটবলারকে নিয়ে জমে গেছে আরেক বিতর্ক—কে নতুন আলফ্রেডো ডি স্টেফানো? গত শনিবার লিওনেল মেসি মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক করার পর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সানচেজ ফ্লোরেস বলেছেন, ‘মেসি একুশ শতকের ডি স্টেফানো।’ পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের মহাপরিচালক হোর্হে ভালদানোও একটা সুযোগ পেয়ে গেছেন। বার্সার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘মেসি নয়, এ যুগের ডি স্টেফানো রোনালদো।’ বাহ্যিক একটি মিলের কথাও মনে করিয়ে দিয়েছেন ভালদানো—ডি স্টেফানোর মতো রোনালদোও রিয়ালের জার্সি গায়ে খেলছেন। রয়টার্স। বহুজাতিক ইতালিদ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানির বিপক্ষে নেমে পড়েছিল প্রায় পুরো বিশ্ব। ফুটবল-যুদ্ধে জোয়াকিম লোর জার্মানিকে হারাতে জোট বেঁধেছে ইতালি আর ব্রাজিল। আগামীকাল জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ইতালির কোচ সিজারে প্রানদেল্লি দলে রেখেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত থিয়াগো মোত্তাকে। ইতালির বহুজাতিক দল এটাই অবশ্য প্রথম নয়। এমনকি ফুটবলের দুই ‘চিরশত্রু’ ব্রাজিল-আর্জেন্টিনাকেও এক সুতোয় বেঁধেছিল ইতালি। কাঁধে কাঁধ মিলিয়ে ইতালি দলে খেলেছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত মাওরো কামোরানেসি আর ব্রাজিলিয়ান আমুরি। ঘানায় জন্ম নেওয়া মারিও বালোতেল্লিও খেলেছেন ইতালি দলে। ইতালির অনেক কোচই বহুজাতিক দল গড়লেও সে দেশের ফুটবল সমর্থকেরা বরাবরই এর বিরুদ্ধে। ওয়েবসাইট।আকাশচুম্বী আনন্দএকটা এটিপি শিরোপা-স্বপ্ন কি কোনো দিনই পূরণ হবে না? ভক্তরা তো বটেই, কেভিন অ্যান্ডারসন নিজেও মনের কোণে বয়ে বেড়াচ্ছিলেন এই প্রশ্ন। পেশাদার টেনিসে প্রবেশ সেই ২০০৩ সালে। দীর্ঘ সাতটি বছর অপেক্ষার পর অবশেষে সত্যি হয়ে ধরা দিল স্বপ্ন। দক্ষিণ আফ্রিকান ওপেনের ফাইনালে ভারতের সমদেভ দেভারমানকে হারিয়ে অ্যান্ডারসন পেলেন ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ। নিজ সমর্থকদের সামনে প্রথম শিরোপা জয়ের আনন্দটা তিনি ছড়িয়ে দিলেন আকাশে। আসলেই তাই। শরীরটা যে তাঁর ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা। দৈর্ঘ্যে অ্যান্ডারসনকে পেছনে ফেলেন এ রকম লোক বিশ্বে কমই আছে। প্রোটিয়ারা তাঁকে ডাকে ‘আকাশচুম্বী অট্টালিকা’ বলে। আকাশচুম্বী অট্টালিকার আনন্দ তো আকাশঘেঁষাই হবে! এএফপি।