অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সিবিভ্রাট
ক্রীড়া প্রতিবেদক  নাঈমুর রহমান দুঃখ করে বলছিলেন, ‘খেলোয়াড়ি জীবনে আমরা এসব সমস্যার মুখোমুখি হতাম। কিন্তু এখন আমরা দায়িত্বে আসার পরও যদি খেলোয়াড়েরা ওই একই সমস্যার মুখোমুখি হয়, তাহলে লাভ কী হলো?’ বিসিবির নতুন ক্রিকেট পরিচালনা প্রধানের এই হতাশা বিশ্বকাপ দলের জার্সি নিয়ে। বিশ্বকাপ দলের প্রত্যেক খেলোয়াড়ের চার সেট করে ম্যাচ জার্সি সঙ্গে নিয়ে যাওয়ার কথা থাকলেও কাল তাঁরা নিয়ে গেছেন দুই সেট করে। সেটাও একান্তই নিতে হয় বলে। অধিকাংশ জার্সিরই কলার লাগানো হয়েছে বাঁকা করে, অনেক জার্সির মাপও উল্টো-পাল্টা। সে জন্য জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠানকে চার সেট করেই নতুন জার্সি দিতে বলেছে বিসিবি।
রাজনীতিতে ব্লাঙ্কো
রাজনীতিতে আসার ঘোষণা দিয়ে যদি কেউ বলেন, তিনি রাজনীতিবিদদের বিশ্বাস করেন না, ব্যাপারটা কী দাঁড়ায়? উত্তরটা কথেমক ব্লাঙ্কোই ভালো দিতে পারবেন। মেক্সিকোর এই কিংবদন্তি ফুটবলার গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৭ জুন নির্বাচনে পিএসডির হয়ে লড়বেন মেক্সিকোর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৪২ বছর বয়সেও অবশ্য খেলা ছাড়েননি। সেখানেই বলেছেন, ‘আমি অনেক দিন ভোট দিইনি, কারণ রাজনীতিবিদদের ওপর আমার ভরসা নেই। আমি শুধু এটা আপনাদের জন্য করছি। আমি কোনো টাকা, প্রচার বা সুবিধা নেওয়ার জন্য আসছি না।’ ব্লাঙ্কো দেখা যাচ্ছে রাজনীতিটা খারাপ বোঝেন না! আইএএনএস।