অন্যকলাম
বাংলাদেশই এগিয়েবিশ্বকাপ নিয়ে উপমহাদেশে কত কাণ্ডই না ঘটছে! এরই একটা উদাহরণ হতে পারে, কার চেয়ে কে কত বড় ব্যাট বানাতে পারে! পাকিস্তানে বিশ্বকাপের ম্যাচ না হলে কী হবে, উন্মাদনা কিন্তু কম নেই। সে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামির ছাত্রসংগঠন ‘পাসবা’র দাবি, বিশ্বের সব চেয়ে বড় ব্যাটটা তারাই বানিয়েছে! কাঠের তৈরি এই ব্যাট ৫০ ফুট উঁচু এবং ৬ ফুট চওড়া। তবে হিসাবে গরমিল করে ফেলেছে সংগঠনটি, বিশ্বের সবচেয়ে বড় ব্যাট বানানোর রেকর্ডটি আসলে বাংলাদেশের দখলে। বেক্সিমকোর তৈরি এই ব্যাটটি ১১১ ফুট উঁচু আর ১২.৬ ফুট চওড়া। দীর্ঘতম হিসেবে ইতিমধ্যেই রেকর্ড বুকে ঢুকে পড়েছে ওই বিশেষ ব্যাটটি। বাংলাদেশের এরপর সবচেয়ে বড় যে ব্যাটটি বানানো হয়েছে, সেটি ক্লেমনের তৈরি। ৭১ ফুট লম্বা আর ১০ ফুট চওড়া। পাসবা এসব জানেই না! ওয়েবসাইট।জনসনের উপলব্ধিবোলিংয়ে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। বাজে ফর্ম তাঁকে ছিটকে ফেলেছে দল থেকেই। বিশ্বকাপে খেলা একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু দল থেকে বাদ পড়া অভিশাপ নয়, আশীর্বাদ হয়েছে মিচেল জনসনের জীবনে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় তাঁর ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা। আস্থার প্রতিদান ভালোভাবেই দিচ্ছেন জনসন। উপমহাদেশের ‘মরা’ উইকেটেও পর পর দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। দল থেকে বাদ পড়া তাঁর জন্য শাপে বর হয়েছে, গোটা ব্যাপারটা এখন এভাবেই দেখতে চান জনসন। দল থেকে বাদ দিলে যদি এভাবে কেউ ফিরে আসতে পারে, তাহলে তো বাদ পড়াই ভালো! ওয়েবসাইট। পতাকা বিভ্রাটক্রীড়া প্রতিবেদকবিশ্বকাপে জ্যামাইকা? ওপরে এই পতাকার ছবি দেখে সেই বিভ্রান্তিই জাগার কথা। জ্যামাইকা ফুটবল বিশ্বকাপে খেলে বটে, কিন্তু ক্রিকেট বিশ্বকাপে? না, জ্যামাইকা নেই। আছে জ্যামাইকার পতাকা! আগারগাঁওয়ের আইডিবি ভবনের কাছের মোড়ে শোভা পাচ্ছে উসাইন বোল্টের দেশের পতাকাটি। কেন এই বিভ্রাট কে জানে। তবে অনুমান করে নেওয়া যায়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জ্যামাইকাকে গুলিয়ে ফেলেছে এখানকার সজ্জার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ নামে যে দলটি খেলে, সেটি আসলে দেশ নয়, ক্যারিবীয় দেশগুলোর ক্রিকেটারদের সমন্বয়ে গড়া একটি দল। এখানে জ্যামাইকার গেইল আছেন, গায়ানার চন্দরপলও। পতাকা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ব্যবহার করে মেরুন রঙের জমিনের মাঝখানে তাদের ক্রিকেট বোর্ডের লোগোটি।