অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলফিকে ‘হ্যাঁ’
ম্যাচ জেতা তো খেলোয়াড়দের কাজ, তারা টাকাই পায় এটার জন্য। জিতলে এত ঘটা করে উদ্যাপন করার কী আছে? আর্সেনালের ফুটবলারদের ‘সেলফি-প্রীতি’ দেখে তিতিবিরক্ত হয়ে প্রশ্নটা তুলেছিলেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে সেলফি তোলাটা যেন অভ্যাসই হয়ে গেছে ওজিলদের। ক্যারাঘার বলেছিলেন, ব্যাপারটা ছেলেমানুষি ধরনের! তবে কোচ আর্সেন ওয়েঙ্গার কিন্তু এটাকে খারাপ চোখে দেখছেন না। তবে মনে করিয়ে দিয়েছেন, এটা যেন বাড়াবাড়ি হয়ে না যায়। এই তো কিছুদিন আগে ফ্রান্সেসকো টট্টি মাঠেই সেলফি তুলে তোলপাড় ফেলে দিয়েছেন। ওয়েঙ্গার মনে করেন, ওটা বাড়াবাড়ি। আর্সেনালের কোচের কথা, সীমার মধ্যে থাকলে এক-আধটু সেলফি তোলা যেতেই পারে। আর জয় উদ্যাপন তো খারাপ কিছু নয়। কোচের সবুজসংকেত পেয়ে সানচেজরা আটঘাট বাঁধতেই পারেন! মেইল অনলাইন।
‘ভি’ ফর ভিকা
মেলবোর্নে এলে এই একটা বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান ভিক্টোরিয়া আজারেঙ্কা। তাঁর নামের আদ্যক্ষর ‘ভি’ হওয়ায় তাঁকে সংক্ষেপে ভিকা ডাকা যায়, কিন্তু কিছুতেই তা ভিকি হতে পারে না। অথচ ইয়ারা নদীর তীরে টেনিস খেলতে এলে মানুষজন ভিকি নামেই ডাকে তাঁকে। আগে কিছু বলেননি, কিন্তু এ নিয়ে এবার আর না বলে পারলেন না। পরশু শেষ ষোলো নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সামনে নিয়ে এলেন ব্যাপারটা, ‘জানি না কেন এখানকার মানুষজন আমাকে ভিকি ডাকে। ভিকি আমার নাম নয়। এটা হবে ভিকা।’ বেলারুশ প্রতিযোগীকে এখন থেকে নিশ্চয়ই আর ভিকি নামে ডাকবে না অস্ট্রেলিয়া। অন্তত, এটাই প্রত্যাশা আজারেঙ্কার। এএফপি।
ভুল করে...
যুক্তরাষ্ট্রের বেন উইলিয়ামস কারও সাতপাঁচে নেই। কিন্তু দুই দিন আগে ফেসবুক খুলে তাঁর তো রীতিমতো ভড়কে যাওয়ার দশা। ইনবক্স ভর্তি হয়ে আছে একগাদা বার্তায়। তার মধ্যে বেশ কিছু অকথ্য গালিগালাজ। অগুনতি লোক বন্ধু হওয়ার অনুরোধ জানিয়েছে। উইলিয়ামস গুনে শেষ করতে পারলেন না, সংখ্যাটা হাজার ছাড়িয়ে গেছে। সবাই আবার ইরানের। কী এমন করেছেন যে কারণে ইরানিদের এমন রোষ তাঁর ওপর? উইলিয়ামস হাতড়ে বেরিয়েও কোনো কূলকিনারা পাচ্ছিলেন না। পরে জানা গেল, এশিয়ান কাপে ইরান-ইরাক কোয়ার্টার ফাইনালের রেফারির নামও বেন উইলিয়ামস। ইরানের দাবি, উইলিয়ামস নামের ওই রেফারির ভুলের কারণেই ইরানকে হারতে হয়েছে। ইরানিরা ফেসবুক তন্ন তন্ন করে বেন উইলিয়ামসকে খুঁজে পেয়েছে ঠিকই, তবে ভুল লোককে। ব্যস, ক্ষোভের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হলো তাঁকেই। নকল জন এশিয়ান কাপ বলে যে কিছু একটা চলছে, সেটাই জানতেন না! এএফপি।