অন্যকলাম
মায়ের মন
ছেলে খেলছে কোর্টে। উপলক্ষটাও অনেক বড়, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল। মায়ের মন কি আর ওখানে না থেকে পারে? জুডি মারে অস্ট্রেলিয়াতেই থাকতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো, ছেলের পাশে থাকতে পারছেন না। কর্তব্যজ্ঞান যে উপেক্ষা করার সাধ্য নেই! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ নোভাক জোকোভিচের সঙ্গে খেলবেন অ্যান্ডি মারে। মা জুডি এত দিন ছেলের পাশেই ছিলেন, সেমিফাইনালে দর্শকসারি থেকে গলাও ফাটিয়েছেন। একসময় ছেলের কোচও ছিলেন, দরকার হলে পরামর্শও দিতে পারতেন দুই-একটা। কিন্তু গত বুধবারই ডাক পড়েছে ফেড কাপ দলে যোগ দেওয়ার জন্য। এর মধ্যেই অস্ট্রেলিয়া থেকে উড়ে গিয়েছেন হাঙ্গেরিতে। কিন্তু জুডির বয়স ৫৫, এই বয়সে কীভাবে টেনিস খেলেন! ব্রিটিশ মহিলা দলে ‘নন-প্লেয়িং ক্যাপ্টেন’ হয়েছেন তিনি। মেইল অনলাইন।
ফিগোর সমর্থক
যতটা সহজ ভেবেছিলেন এখন হয়তো আর এতটা সহজ মনে হচ্ছে না। ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হতে হলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে সেপ ব্ল্যাটারকে। জর্ডানের আলি বিন আল হুসেইন, ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মিশেল ফন প্রাগ, সাবেক ফিফা নির্বাহী জেরোম শ্যাম্পেন ও সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলার পর সভাপতি পদে ব্ল্যাটারের নতুন প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ ফুটবল কিংবদন্তি লুইস ফিগো। প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই ফিগোর প্রতি সমর্থনও জানানো শুরু করেছেন। স্বদেশি ডেকো ফিফার নতুন সভাপতি হিসেবে ফিগোকেই চান, একই চাওয়া রিয়াল মাদ্রিদে ফিগোর একসময়ের সতীর্থ স্প্যানিশ কিংবদন্তি রাউলেরও। পিছিয়ে নেই অবশ্য ব্ল্যাটারও। ফিফার সাংগঠনিক কাঠামোর একটা বিশাল অংশই তো তিনি নিজের মুঠোয় পুরে রেখেছেন। ফিগো কি পারবেন ফিফাকে ব্ল্যাটারের মুঠো থেকে মুক্ত করতে? মার্কা।