অন্যকলাম
বাজির খেলাফরিদপুর অফিসবিশ্বকাপ ক্রিকেটের ঢেউ এখন গোটা দেশে। ব্যতিক্রম নয় ফরিদপুরও। উপরন্তু এখানে খবর হওয়ার মতো একটা ব্যাপারও ঘটছে। সেটি হলো বাজির আড্ডা। স্থান—শহরের গোয়ালচামটে এলাকায় পুরোনো বাসস্ট্যান্ডের এক পান-সিগারেটের দোকান। খেলা শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় ‘স্পট বাজি’। প্রতিটি প্রশ্নে ২০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাজি ধরা হচ্ছে এবং টাকা-পয়সাও লেনদেন চলছে সঙ্গে সঙ্গেই। এই বাজি খেলছেন স্থানীয় বাসচালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। ব্যাপারটাকে অনেকে জুয়া বলছেন এবং প্রশাসন থেকে এটি বন্ধ করার উদ্যোগ না থাকায় ক্ষোভও দেখা যাচ্ছে স্থানীয়দের মধ্যে।জনস্টনের ভাগ্যভাগ্যে তাঁর অগাধ বিশ্বাস। ভাগ্যদেবী পাশে থাকলে জীবনে যেকোনো কিছুই পাওয়া সম্ভব। যাঁর জীবনদর্শন এমন, তাঁকে ভাগ্যদেবী খালি হাতে ফেরাচ্ছেন না। এই ‘তিনি’ হলেন ট্রেন্ট জনস্টন। স্বপ্ন ছিল শচীন টেন্ডুলকারের উইকেট নেবেন। কিন্তু সেটা না হলেও ভারতের বিপক্ষে একটা বড় প্রাপ্তিই ছিল আয়ারল্যান্ড অলরাউন্ডারের। পেয়েছেন বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের উইকেট। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ৩৬ বছরের আইরিশ যোদ্ধা খুশি এই দুটি উইকেট নিয়ে। বলছেন, ভারত ম্যাচে ভাগ্য তাঁর পাশে ছিল। ভাগ্যদেবীকে কেউ চোখে দেখে না, খুঁজে পায় না। আয়ারল্যান্ডের সাবেক এই অধিনায়ককের আশপাশে এখন ভাগ্যদেবীকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যেতে পারে! ওয়েবসাইট।ফাঁকা ইডেনইডেন গার্ডেনে আন্তর্জাতিক ক্রিকেট মানেই উপচে পড়া গ্যালারি। ভুল! গতকাল দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচে গ্যালারির বেশিটাই ছিল ফাঁকা। যাও কিছু দর্শক-সমর্থকের চিৎকার-চেঁচামেচি শোনা গেল, তাদের অধিকাংশই ‘বিনি পয়সার’ দর্শক—স্কুল কলেজের ছাত্রছাত্রী! গতকালের ম্যাচটি ছাড়াও আয়ারল্যান্ড-হল্যান্ড এবং জিম্বাবুয়ে-কেনিয়ার ম্যাচ হবে এখানে। তিন ম্যাচ মিলিয়ে ২ হাজার চার শর মতো টিকিট বিক্রি হয়েছে! অনেক ক্রিকেট মহাকাব্যের সাক্ষী ইডেনে দর্শক ধারণক্ষমতা এক লাখের মতো। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল এবং ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনের গ্যালারিতে ছিল লাখো মানুষ! কলকাতাবাসী হঠাৎ করে ইডেন থেকে মুখ ফিরিয়ে নিল কেন? অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে, লজ্জায়, অপমানে। ভারতের ম্যাচই যখন ছিনিয়ে নেওয়া হয়েছে, তখন...! ওয়েবসাইট।