অন্যকলাম
সাফল্যের রহস্য!‘আয়ারল্যান্ড আইলো’ চাইলে এখন এ রকম একটি স্লোগান তোলা যায়! আইরিশরা বিশ্বকাপে এবার যে চেহারায় দেখা দিয়েছে, তাতে এখন বড় বড় সব দলই ভয় পাওয়ার কথা দলটিকে। ইংলিশদের দুর্দান্তভাবে হারিয়ে তো ক্রিকেটবিশ্বকেই চমকে দিয়েছে পোর্টারফিল্ডের দল। পরিশ্রম, প্রতিজ্ঞা আর পেশাদারিই তাদের সম্পদ। আইরিশ খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের অবদানও কিন্তু কম নয়! গ্যালারিতে থেকে প্রিয় মানুষটিকে অনুপ্রেরণা জোগাতে জুড়ি নেই এই স্ত্রী-বান্ধবীদের। আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজার ব্যারি চেম্বার্স এঁদেরও ঋণ স্বীকার করেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে আইরিশ খেলোয়াড়দের ছয়জন স্ত্রী-বান্ধবী মাঠে ছিল। বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ছিল আরও বেশি। তাদের অনেকে এরই মধ্যে দেশে ফিরে গেছে।’ ওয়েবসাইট।পড়া-খেলাসারাক্ষণ মুখ বুজে পড়া আর পড়া। হোমওয়ার্ক, টিউটোরিয়াল আর ক্লাস টেস্ট দিতে দিতে যে ছাত্রছাত্রীরা হাঁপিয়ে উঠেছে, তাদের বন্ধু হয়ে এলেন রণবীর কাপুর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যে প্রয়োজন, সেটা বোঝাতেই শুটিং ফেলে দিল্লিতে খেলাধুলা-বিষয়ক প্রচারণায় নেমেছেন বলিউড তারকা। স্কুলে গিয়ে শিক্ষকদের বোঝাচ্ছেন, শুধু পড়ালেখা করলেই হবে না; ভালো ক্রীড়াব্যক্তিত্ব হতে হলে স্কুলের পাঠ্যক্রমে খেলাধুলাও রাখতে হবে। উদ্যোগটা এনডিটিভির। রণবীর একাই নন, এই প্রচারণায় তাঁর সঙ্গী ভারতের সাবেক ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি, শুটার গগন নারাং, বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পঙ্কজ আদভানি, ফুটবল তারকা বাইচুং ভুটিয়া ও বক্সিং চ্যাম্পিয়ন বিজেন্দর সিং। রণবীরের প্রচারণাটা জমেছে ভালোই। ওয়েবসাইট।কেনাকাটাবাইরে প্রচুর নিরাপত্তারক্ষী। ভেতরে ফুলের তোড়া হাতে শাড়ি পরা একদল মেয়ে। এই অভ্যর্থনা কাদের জন্য? কোনো ভিভিআইপি আসবে? না, নিউজিল্যান্ড ক্রিকেটারদের স্বাগত জানাতেই পরশু প্রস্তুত ছিল মুম্বাইয়ের পাল্লাদিয়াম শপিং মল। সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কিউইদের সামনে আর একটি গ্রুপ ম্যাচ। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। বড় ম্যাচ হলেও নির্ভার নিউজিল্যান্ড দল, তাই অনুশীলনের ফাঁকে শপিংয়ে বেরিয়ে পড়ল। হামিশ বেনেট, জেমস ফ্রাঙ্কলিন, জেমি হাউদের নিয়ে অবশ্য মাতামাতি ছিল না। কেউ চিনল, কেউ চিনল না। ফ্রাঙ্কলিন বউ-বাচ্চা সঙ্গে নিয়ে এসেছিলেন। খালি হাতে ফেরার পথে ফ্রাঙ্কলিনের স্ত্রীর কথা, ‘অনেক কিছুই কেনার ছিল। কিন্তু এসব দেশে কীভাবে বয়ে নেব, বলুন তো?’ ওয়েবসাইট।