অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা-বিভ্রাট
যন্ত্রণা আর কাকে বলে! ইন্দোনেশিয়া গিয়েছিলেন প্রীতি ম্যাচ খেলতে। মাঠে নামা তো দূরে থাক, বিমানবন্দর থেকেই ফিরে আসতে হলো এএস রোমার পাঁচ খেলোয়াড়কে! যথাযথ ভিসা না থাকায় ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন ইতালিতে ফেরত পাঠায় সেইডু ডুম্বিয়া, জারভিনহো, ভিক্টর ইবারবো, অ্যাডেম লিয়াইচ ও আন্তোনিও সানাব্রিয়াকে। প্রাক্-মৌসুম প্রস্তুতির অস্ট্রেলিয়া অধ্যায় শেষ করে দলের সঙ্গে গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়। অন্য সবার মতো এঁদেরও ‘অন অ্যারাইভাল’ ভিসা নেওয়ার কথা ছিল। ঝামেলাটা বাধল অন্যখানে। ডুম্বিয়া-জারভিনহোর আইভরি কোস্ট, ইবারবোর কলম্বিয়া, সানাব্রিয়ার প্যারাগুয়ে কিংবা লিয়াইচের সার্বিয়ার সঙ্গে ‘অন অ্যারাইভাল’ ভিসার কোনো চুক্তি নেই ইন্দোনেশিয়ার। কী আর করা! দলের বাকি সদস্যরা থেকে গেলেও বিমানবন্দরেই ইন্দোনেশিয়া ভ্রমণ শেষ করে ফেরত আসতে হলো জারভিনহোদের। প্রীতি ম্যাচ খেলতে এসে এমন অপ্রীতিকর অভিজ্ঞতা দুঃসহ স্মৃতি হয়েই পোড়াবে এই পাঁচ ‘জিয়ালোরোসি’ খেলোয়াড়কে! এএফপি।
সাংবাদিক ব্ল্যাটার
৭৯ বছর বয়স একেবারে ‘কম’ নয়। কোথায় নাতিপুতিদের সঙ্গে গল্প করে শেষ সময়টা পার করবেন, উল্টো সেপ ব্ল্যাটারকে এখন মাথার ওপর নিতে হচ্ছে অন্তহীন চাপ। তবে খুব বেশিদিন হয়তো আর নিতে হবে না, সামনের ফেব্রুয়ারিতেই দায়িত্ব ছেড়ে দেবেন নতুন ফিফা সভাপতির হাতে। এরপর ব্ল্যাটার কী করবেন? ফিফা সভাপতি একবার সংবাদ সম্মেলনে আভাস দিয়েছিলেন, রেডিওতে সাংবাদিক হিসেবে কাজ করার ইচ্ছা আছে তাঁর। কথাটা চাউর হওয়ার পরেই একটা প্রস্তাবও পেয়ে গেছেন। ইংল্যান্ডের রেডিও ইয়র্কশায়ার জানিয়েছে, ব্ল্যাটারকে পেলে তারা নিজেদের ধন্য মনে করবে। এর মধ্যে ফিফা সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্ল্যাটার বোধ হয় খুব একটা খারাপ করবেন না, ফিফায় ক্যারিয়ার শুরুর আগে সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন! বিবিসি।
নাচের ‘ডুয়েল’
তাহলে যুবরাজ সিংয়ের সঙ্গে শোয়েব মালিকের ‘ডুয়েলটা’ হয়েই যাচ্ছে! না, এই দুজন ক্রিকেটীয় কোনো দ্বৈরথে মুখোমুখি হচ্ছেন না। নাচের রঙ্গমঞ্চেই দুজন নিজেকে সেরা প্রমাণ করতে যাচ্ছেন। ধন্দে পড়ে গেলেন ? ঘটনাটা খোলসা করা যাক। শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় ওয়ানডেতে জয়ের পর মালিক একটা ভিডিও পোস্ট করেছেন টুইটারে। জয়ের উদ্যাপনে এক পাক নেচে নিয়েছেন পাকিস্তানের খেলোয়াড়েরা, সঙ্গে ছিলেন মালিকের ভারতীয় স্ত্রী সানিয়া মির্জাও। এই ভিডিওটা দেখেই পরে যুবরাজ সিং রসিকতা করে টুইট করেছেন, ‘মালিক, সানিয়া দুজনেই অসাধারণ খেলোয়াড়। কিন্তু তাঁদের নাচ একদম যা-তা!’ যুবরাজের ইট খেয়ে মালিক কোনো পাটকেল ছুড়বেন না, তাও কী হয়? সরাসরিই ভারতীয় অলরাউন্ডারকে টুইটারে আহ্বান করেছেন, ‘তাহলে এসো, দেখা যাক কে সেরা’। যুবরাজ নিশ্চয় চ্যালেঞ্জটা না নিয়ে পারবেন না! এনডিটিভি।