অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার। এটি গায়েই নেতৃত্ব দিয়েছিলেন ১৯৩৬-৩৭ অ্যাশেজে l গার্ডিয়ান
অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার। এটি গায়েই নেতৃত্ব দিয়েছিলেন ১৯৩৬-৩৭ অ্যাশেজে l গার্ডিয়ান

ডনের ব্লেজার
বেঁচে থাকতে তিনিই ছিলেন ক্রিকেট পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটার। মৃত্যুর এত বছর পরও ডন ব্র্যাডম্যানের আবেদন এতটুকু কমেনি। নিলামে ওঠা তাঁর ব্লেজার নিয়ে কাড়াকাড়ি তো সেটাই প্রমাণ করে। সোনালি পাড়ের সবুজ ব্লেজার, বুকে অস্ট্রেলিয়ার প্রতীক। ১৯৩৬-৩৭ অ্যাশেজে এ ব্লেজার গায়ে দিয়েই যাত্রা শুরু হয়েছিল অধিনায়ক ব্র্যাডম্যানের। তাঁর মৃত্যুর পর এত দিন যেটি সংরক্ষিত ছিল বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে, গতকাল মেলবোর্নে সেটি তোলা হলো নিলামে। নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা ছিল দাম উঠবে ৭০ থেকে ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের মতো। কিন্তু উঠেছে কত জানেন? এক লাখ ডলার! সঙ্গে আয়কর ও কমিশন মিলিয়ে ক্রেতাকে গুনতে হয়েছে আরও ৩২ হাজার ডলার। সব মিলিয়ে অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার সংগ্রহে রাখতে চাওয়া ক্রেতার খরচ হচ্ছে ১ লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলার। রয়টার্স।
বিরাট অনুসারী
২২ গজের পারফরম্যান্সে শচীন টেন্ডুলকারকে ছাড়াতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে একটা জায়গায় এখনই কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানকে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, সেটি টুইটারে অনুসারীর সংখ্যায়। গতকাল টুইটারে কোহলির অনুসারী ৮০ লাখ ছাড়িয়েছে, যেখানে টেন্ডুলকারের অনুসারী ৭০ লাখ ৭৩ হাজার! মাস খানেক আগেও ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে টুইটারে অনুসারীর সংখ্যায় টেন্ডুলকারই সবচেয়ে এগিয়ে ছিলেন। হঠাৎ করে কোহলির অনুসারী বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে, ২২ বছর পর তাঁর নেতৃত্বে ভারতের লঙ্কা-জয়। এত অনুসারী পেয়ে উচ্ছ্বসিত কোহলিও। কাল টুইট করেছেন, ‘৮০ লাখ অনুসারী! দারুণ ব্যাপার। আমার প্রতি ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ।’ অবশ্য তারপরও ভারতীয়দের মধ্যে টুইটারে অনুসারীর সংখ্যায় এখনো অনেক পিছিয়ে কোহলি। ১ কোটি ৬৭ লাখ অনুসারী নিয়ে সেখানে সবার ওপরে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এনডিটিভি।