অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনিস্টারের জুতো
ক্যাঙারুর চামড়ায় তৈরি কালো এক জোড়া জুতো, কতই-বা দাম হতে পারে যদি নিলামে ওঠে? সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড? ধারণাটা এমনই ছিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির। তাদের ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে জুতো জোড়ার দাম উঠল ২ লাখ ৬৬ হাজার ৫০০ পাউন্ড! চোখজোড়া কপালে তোলার আগে জুতোর ইতিহাসটা জেনে নিন। এটি পরেই ৪ মিনিটের কম সময়ে প্রথম এক মাইল দৌড়েছিলেন রজার ব্যানিস্টার। ১৯৫৪ সালে অক্সফোর্ডের ইফলি রোডের রেসটিতে ব্রিটিশ দৌড়বিদ সময় নিয়েছিলেন ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ড। অ্যাথলেটিকস থেকে পাওয়া সবগুলো ট্রফি আগেই প্রদর্শনীর জন্য দিয়ে দিয়েছিলেন অক্সফোর্ডের পেমব্রোক কলেজকে, যেখানে তিনি পড়াতেন স্নায়ুবিদ্যা। ওই ‘ফোর-মিনিট মাইলের’ সর্বশেষ স্মারক জুতো জোড়াও পরশু নিলামে দিয়ে দিলেন ব্যানিস্টার। নিলাম থেকে পাওয়া অর্থ দিয়ে দিচ্ছেন স্নায়ুবিদ্যা গবেষণাকে উৎসাহিত করে এমন দাতব্য সংস্থা অটোমেটিক চ্যারিটেবল ট্রাস্টকে। রয়টার্স।
কোহলির মজা
ভাবুন তো, শচীন টেন্ডুলকার খেলতে আগ্রহ দেখাচ্ছেন আর বিরাট কোহলি তাঁকে দলে নিতে চাইছেন না! কারণটা শুনলে আরও বিস্মিত হবেন—টেন্ডুলকার ঠিক খেলার মতো যোগ্য কি না, নিশ্চিত নন কোহলি! অবশ্য নিছক মজা করেই এমনটা বলেছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক। আর ক্রিকেট দলে নয়, টেনিসে তাঁর নিজের দলে টেন্ডুলকারের থাকার যোগ্যতা নিয়ে সংশয়ে কোহলি। আইপিএলের আদলে গড়া আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লিগের দল ইউএই রয়্যালসের যুগ্ম মালিক কোহলি। এবারের দ্বিতীয় মৌসুমে যে দলে খেলবেন রজার ফেদেরার। এদিকে ইঙ্গিত করেই গতকাল বিরাট কোহলির উদ্দেশে টুইটারে মজা করে টেন্ডুলকার লিখেছেন, ‘কোহলি, আমি খেলতে চাই।’ কোহলিও কম যাননি। তাঁর আদর্শ ও সাবেক সতীর্থ এই ব্যাটিং কিংবদন্তিকে লিখেছেন, ‘ঠিক নিশ্চিত নই আপনি খেলার জন্য তৈরি কি না, শচীন ভাই।’ ক্রিকেটনেক্সট।