অন্যকলাম
বাজে ব্যাপারভারতের কাছে সেমিফাইনালে হারলেও শহীদ আফ্রিদির দল বীরোচিত সংবর্ধনা পাচ্ছে। ভাসছে পুরস্কারের বন্যায়। কিন্তু পরাজিত দলকে নিয়ে এই মাতামাতি একদমই মানতে পারছেন না পিসিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) রাফি নাসিম। তাঁর ভাষায়, এটা খুবই বাজে ব্যাপার। ফাইনালে পরাজিত শ্রীলঙ্কার কথা তুলে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার তুলনায় এতে রাত-দিনের ব্যবধান; যেখানে ফাইনালে হারের পর তাদের অধিনায়ক, সহ-অধিনায়ক, নির্বাচক কমিটি পদত্যাগ করে।’ ১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরানের দলের তুলনা টেনে তিনি বলেছেন, এখনকার এই দলের পুরস্কারের তুলনায় তারা কানাকড়িও পায়নি। ওয়েবসাইট।আরও চাইভারত বিশ্বকাপ জেতার পরপরই এসেছিল ঘোষণাটা। প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি রুপি বোনাস দেবে বিসিসিআই। বোনাসের অঙ্কটা শুনে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়। এ-ক কোটি রুপি! কিন্তু এখন শোনা যাচ্ছে, তাতেও সন্তুষ্ট নন ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা চান পাঁচ কোটি রুপি করে। এই খবর ছড়িয়ে পড়ার পর নিন্দুকেরা বলতে শুরু করেছিল, ভারতীয় ক্রিকেটারদের এত লোভ! যদিও ক্রিকেটারদের দাবি, তাঁরা পাঁচ কোটি রুপি করে চাইছেন দলের অপেক্ষাকৃত কম আয় করা ক্রিকেটারদের জন্য। ‘আমরা লোভী নই। এই ক্রিকেটাররাই (কম আয় করা) বিসিসিআইকে ধনী বানিয়েছে। বিশ্বকাপ জেতায় বিসিসিআইও হাজার কোটি রুপি আয় করবে। তাহলে দিতে সমস্যা কোথায়?’—বলেছেন এক ক্রিকেটার। ওয়েবসাইট।হলুদ ইচ্ছামরিনহো-টোটকার একটা ব্যবহারের ‘অপচেষ্টা’ করেছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা মিডফিল্ডার নাকি ইচ্ছা করেই দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। ফলে ফিরতি লেগে হয়তো খেলা হয়নি; কিন্তু সেমিফাইনালে খেলার পথে কোনো বাধাও আর থাকেনি। ইচ্ছা করে হলুদ কার্ড দেখে অগুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞা কাটানোর কৌশল কদিন আগে মরিনহোই দেখিয়ে দিয়েছিলেন। যদিও চেতনাবিরোধী এই কাজের জন্য শাস্তিও পেতে হয়েছিল। শাস্তির শঙ্কায় ছিলেন ইনিয়েস্তাও। এক ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন। তাহলে রিয়ালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ খেলা হতো না। কিন্তু আগেভাগে আবেদন করে বার্সা। ইনিয়েস্তার অতীত রেকর্ডের সততাকেই সাক্ষী হিসেবে মানে ক্লাবটি। উয়েফাও শাস্তি দেয়নি ইনিয়েস্তাকে। রয়টার্স।