অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপয়া ক্যামেরন!
ফুটবলের পর ক্রিকেট, এবার রাগবি বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ—ইংল্যান্ড জাতীয় দলে যেন শনির দশাই লেগেছে। এসব ক্ষেত্রে যা হয় আর কি, একজন ‘অপয়া’ আবিষ্কার করে ফেলতে সময় লাগে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দুর্ভাগ্য, ঘটনাচক্রে তাঁর দিকেই এখন সেই ইঙ্গিত! ক্যামেরনের দায়িত্ব নেওয়ার পরেই ইংল্যান্ড একের পর এক হোঁচট খাচ্ছে। এসব কথা আবার কেউ প্রধানমন্ত্রীর কানে তুলে দিলেন। শুনে মেজাজটা আর ঠিক রাখতে পারেননি ক্যামেরন, ‘খুবই বিরক্ত হয়েছি এসব শুনে। যত্তসব ফালতু কথাবার্তা।’ মনে করিয়ে দিয়েছেন, কিছুদিন আগে ইংল্যান্ডের অ্যাশেজ জয়, অলিম্পিকে রেকর্ড সব তাঁর সময়েই। ক্যামেরন খেলাপাগল লোক, সময় পেলে ইংল্যান্ডের ফুটবল ম্যাচে মাঠেও ছুটে যান। এখন কি যাওয়ার আগে দুবার ভাববেন? এএফপি।
ছেলে না মেয়ে?
প্রথমবারের মতো এশিয়ায় ফুটসাল টুর্নামেন্ট হয়েছে, সেটাতে চ্যাম্পিয়ন হওয়াটা তো দারুণ ব্যাপার। কিন্তু কোথায় ইরান সেই জয়টা উদ্যাপন করবে, উল্টো বিতর্কে এখন জেরবার। অভিযোগটা গুরুতরই, ইরানের মেয়েদের দলে আটজন নাকি আদতে মেয়েই নয়! ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এমন দাবি করে তোলপাড় ফেলে দিয়েছিল। খেলোয়াড়দের মধ্যে কয়েকজন অস্ত্রোপচার করে ছেলে থেকে মেয়ে হয়েছে বলে দাবি টেলিগ্রাফ-এর। তবে ফিফার চিকিৎসকেরা অভিযোগটা উড়িয়ে দিচ্ছেন। ইরান সরকারের মুখপাত্র ডাক্তার জোহরে হারাশিয়ানও বলছেন, প্রতিটা ম্যাচের আগে সবাইকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। সেটা না উতরালে কেউ মাঠে নামতে পারবে না। হারাশিয়ান বলছেন, এর আগেও ইরানের মেয়েদের বিরুদ্ধে এ রকম অভিযোগ আনা হয়েছিল। পরে দেখা গেছে, সমস্যাগুলো জন্মগতই। এএফপি।