অন্যকলাম
গলফার পন্টিং‘ক্রিকেট খেলে কেন যে অযথা সময় নষ্ট করছ’—নানা সময় কতজনের কাছ থেকে কত কিছু শুনতে হয়েছে, কিন্তু এমন কথা রিকি পন্টিংকে আগে কেউ কখনো বলেননি। এবার সেটাই শুনতে হলো। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অবশ্য তাতে অখুশি হচ্ছেন না, এটা যে তাঁর প্রশংসা! ভাবছেন, এ আবার কেমন প্রশংসা? এই প্রশংসা গলফার পন্টিংয়ের। প্রশংসাকারী যে-সে লোক নন, নয়টি মেজর শিরোপাজয়ী গ্যারি প্লেয়ার! পন্টিংয়ের গলফ খেলা দেখে দক্ষিণ আফ্রিকান গলফারের বিশ্বাস, ক্রিকেট ব্যাটের চেয়ে গলফ ক্লাব হাতেই বেশি দক্ষ পন্টিং। অধিনায়কত্ব ছাড়ার সময় বলেছিলেন, এখনই ক্রিকেট ছাড়ার ইচ্ছে নেই। পন্টিং চাইলে সিদ্ধান্তটি নিয়ে আবার ভাবতে পারেন! ওয়েবসাইট।অবাক ক্ষৌরকর্মআট মৌসুম পর শিরোপা বলে কথা। বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলারদের আনন্দ যেন বাঁধ মানছে না। কিন্তু কেভিন গ্রসক্রেউজ কোথায়? ২২ বছর বয়সী উইঙ্গারকে পাওয়া গেল মাঠের ভেতরেই। মাথা নিচু করে বসে আছেন, আর একজন সমানে তাঁর চুলে কাঁচি চালাচ্ছেন! প্রিয় ক্লাবের শিরোপা জয়ের আনন্দ তাঁর দ্বিগুণ হয়ে গেছে মাথা হালকা করতে পারায়। গত অক্টোবরে ঘোষণা দিয়েছিলেন দল চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত চুল কাটাবেন না। বেয়ারা হয়ে ওঠা চুলগুলো নিশ্চয়ই ভালোই যন্ত্রণা দিচ্ছিল, গত শনিবার দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাই আর দেরি করেননি। মাঠেই ৮০ হাজার দর্শকের সামনে একেবারে ন্যাড়া! এএফপি।মরিনহো বর্বর!কোচ হোসে মরিনহোর ট্যাকটিকস কেমন? মানুষ মরিনহোই বা কেমন? ওটমার হিজফেল্ডের উত্তরটা এ রকম, মরিনহোর ট্যাকটিকস ধ্বংসাত্মক। আর মানুষ হিসেবে মরিনহো উদ্ধত, বর্বর ধরনের। কোচ হোসে মরিনহোর ট্যাকটিকসের সমালোচনা অনেকেই করেন। তবে সুইজারল্যান্ডের জার্মান কোচ হিজফেল্ড একেবারে ধুয়েই দিলেন। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের খেলা দেখেই এতটা খেপেছেন হিজফেল্ড। ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা কোচের আরও দাবি, মরিনহো রিয়ালকে ধ্বংস করছেন, ‘যেভাবে তারা খেলল, সেটা রিয়ালের সঙ্গে যায় না। রিয়াল মাদ্রিদের জন্য সত্যিই এটা লজ্জার।’ এএফপি।