অন্যকলাম
অদ্ভুত জরিমানা!এমন জরিমানার ঘটনা কে কবে শুনেছে? গায়ে-গতরে নাদুসনুদুস বলে জরিমানা গুনতে হচ্ছে ফুটবলারকে। ঘটনাটা কাজাখস্তানের। সেখানকার ক্লাব শাখতেরের কোচ ভিক্টর কুমিকভ দলের অধিনায়ক আন্দ্রেই ফিনোনচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ করেছেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। ফিনোনচেঙ্কোর অপরাধ—তিনি অতিরিক্ত মোটা। প্রতিপক্ষ ভোস্তকের কাছে ২-০ গোলে হারের পরই বেশি রেগে গেছেন কোচ ভিক্টর। হারের পরই জানিয়ে দিয়েছেন, ‘ও এক অর্ধই শুধু খেলতে পারে, কারণ এত ওজন নিয়ে ওর পক্ষে খেলা কঠিন।’ স্বাভাবিক ওজনে ফেরার জন্য সময়ও বেঁধে দিয়েছেন তিনি, ‘আমরা একজন খেলোয়াড়ের স্বাভাবিক ওজনে ফিরতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। সেটা না হলে তাকে জরিমানা করা হবে।’ এএফপি।এশিয়ার অপেক্ষাএশিয়াবাসীর হাহাকার ঘুচল বলে। কিসের হাহাকার? বিশ্বকাপ ফুটবল শিরোপা। এখন পর্যন্ত এশিয়ার কোনো দেশ ফুটবল বিশ্বকাপে জেতেনি। তবে থাইল্যান্ডের সাবেক কোচ পিটার রিড মনে করছেন, সেই অপেক্ষার অবসান হবে ‘শিগগিরই’। ২০২২ বিশ্বকাপ বসবে এশিয়ার দেশ কাতারেই। সেবারই প্রথম কোনো এশীয় দেশের হাতে শিরোপা দেখা যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রিড। ম্যানইউ তারকা পার্ক জি সুংকে উদাহরণ হিসেবে এনে রিড বলেছেন, এ ধরনের আরও খেলোয়াড় উঠে আসছে। ফলে এশিয়ার শিরোপা জয় আর বেশি দূরে নেই। দূরে নেই, কিন্তু সেটিও এখনো ১১ বছরের মামলা। আর রিডের ভবিষ্যদ্বাণী যে ফলবে, তার গ্যারান্টিই বা কে দেবে! এএফপি।গাড়ি দানক্লাবকে বাঁচাতে কতজন কতকিছুই না ত্যাগ করে। তবে জার্মানির ক্লাব ভলফসবুর্গের কোচ ফেলিক্স ম্যাগাথ অনন্য এক নজির স্থাপন করলেন। রেলিগেশন থেকে দলকে বাঁচাতে নিজের দামি স্পোর্টস কারটাই দান করে দিচ্ছেন, যে গাড়ির দাম আড়াই লাখ ডলার! ২০০৯ সালের চ্যাম্পিয়ন ভলফসবুর্গের অবস্থা এবার শোচনীয়। রেলিগেশন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট দূরত্বে। লিগের শেষ ম্যাচটা জিততেই হবে তাদের। এই পরিস্থিতিতে নিজের প্রিয় জিনিসটা উৎসর্গ করে কোচ বার্তা পাঠালেন শিষ্যদের। ‘সময় এসেছে নিজের সবটুকু উৎসর্গ করে লড়াই করার’—বলেছেন ম্যাগাথ। এএফপি।