অন্যকলাম
হঠাৎ বাঘভাবছেন, মাঠে বাঘ তখনই আসে, যখন বাংলাদেশ ক্রিকেট দল খেলে? ধারণা ভুল। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের এক ক্রিকেট মাঠের পাশে ঢুকে পড়েছিল বাঘ। ভয়ে-আতঙ্কে বন্ধ করে রাখা হয়েছিল খেলা। হেলিকপ্টার, ঝোপঝাড়ের ভেতর থেকে প্রাণীদের অস্তিত্ব খুঁজে বের করার বিশেষ ক্যামেরা, অবশ করার ইনজেকশনসহ বহু সরঞ্জাম নিয়ে অভিযানে নেমে পড়েছিল পুলিশ। ডেকে আনা হয়েছিল পাশের চিড়িয়াখানার কর্মীদের। ২০ মিনিটের মতো বন্ধ রইল খেলা। পাশের গলফ কোর্সের খেলোয়াড়দেরও বলা হলো নিরাপদ অবস্থানে থাকতে। অবশেষে উদ্ধার হলো বাঘ। এ কী, এ বাঘ যে স্রেফ একটা খেলনা! পুলিশ বাহিনী হাসবে না কাঁদবে যেন বুঝে উঠতেই পারছিল না। বিবিসি।কান্নার ভয়৪০ বছর বয়সী একজন ‘বুড়ো’ সবার সামনে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছেন, দৃশ্যটা অস্বস্তিকর। এডুইন ফন ডার সারের শঙ্কা ছিল, এমন একটা দৃশ্যের মঞ্চায়ন করতে চলেছেন তিনি। শেষ পর্যন্ত দৃশ্যটা এমন ছিল কি না, সেটি কাল রাতে ম্যানইউর লিগ পর্বের শেষ ম্যাচেই বোঝা গেছে। এটা ছিল ম্যানইউর গোলরক্ষকেরও শেষ লিগ ম্যাচ! এই মৌসুমের শেষে অবসর নেবেন—আগেই ঘোষণা দিয়েছিলেন। ফর্ম ভালোই আছে। অবসর নেবেন কি না, একবার দোটানাতেও পড়েছিলেন। শেষ পর্যন্ত সব দ্বিধা ঝেড়ে ফেলেছেন। কিন্তু এ নিয়ে খুব সংশয়ে ছিলেন, বিদায়বেলায় হয়তো হু হু করে কেঁদে ফেলবেন বাচ্চা ছেলের মতো! ওয়েবসাইট।গলফ-জ্বরচীনে শুরু হয়েছে গলফ-উন্মাদনা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক গলফ কোর্স। ২০০৪ সালে যেখানে গলফ কোর্সের সংখ্যা ছিল ১৭০টি, এ কয়েক বছরে তিন গুণ বেড়ে সেটি হয়ে গেছে ছয় শর মতো! এর মধ্যে মাত্র ১০টি কোর্সের আছে বৈধ লাইসেন্স। কারণ কৃষিজমি রক্ষায় চীনে গলফ কোর্স বানানোর ওপর নিষেধাজ্ঞা আছে। আইন যেমন আছে, তেমনি আছে আইনের ফাঁক। বেশির ভাগ গলফ কোর্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের কোর্সের নামে কোথাও ‘গলফ’ শব্দটি রাখেনি। স্থানীয় কর্মকর্তারাও নাকি দেখেও না দেখার ভান করছেন। চীনের এই গলফ-উন্মাদনা যা-ই হোক, বিশ্বমানের গলফার কিন্তু উঠে আসছে না। এএফপি।