অন্যকলাম
খুলিতের উপদেশ
কত আশা নিয়ে এসেছিলেন ওল্ড ট্রাফোর্ডে! মেম্ফিস ডিপাই ফুল হয়ে ফোটা দূরে থাক, এখনো পাপড়িই মেলতে পারলেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত এই মৌসুমে একেবারেই মলিন। পূর্বসূরি রুদ খুলিতের কথাটা শুনলে হয়তো ডিপাইয়ের একটু বোধোদয় হতে পারে। ডাচ উইঙ্গার দারুণ ফ্যাশনসচেতন, অনুশীলনেও বিলাসবহুল রোলস রয়েস হাঁকিয়ে আসেন। আর ম্যানচেস্টারের নৈশজীবনের হাতছানি তো আছেই। খুলিত তাই ডিপাইকে এসব থেকে মনোযোগটা সরিয়ে সেটি শুধু ফুটবলেই দিতে বলছেন। ডিপাইয়ের বয়স মাত্র ২১, নিজের ওপর নিয়ন্ত্রণটা একটু-আধটু হারিয়ে ফেলতে পারেন। তবে খুলিত মনে করিয়ে দিয়েছেন, মাঠে মনোযোগ দিতে না পারলে খুব দ্রুতই হারিয়ে যাবেন। খুলিত নিজেও কম ফ্যাশনসচেতন ছিলেন না, কিন্তু মাঠের কাজটা ঠিকঠাকই করতেন। ডিপাই কি খুলিতের উপদেশ শুনছেন? ইসপিএন।
মহান পাগলামি
বল নিয়ে কারিকুরি করতে করতে হাঁটার কসরত করা এমনিতেই সহজ নয়। আর কারিকুরি করতে করতে ৭৮ মাইল পাড়ি দেওয়া তো খুবই কঠিন! সেই ‘পাগলামিই’ এবার করতে চলেছেন নাথান ডেভিস। শেফিল্ড থেকে লিভারপুল পর্যন্ত হেঁটেই যাবেন, সেটা বল নিয়ে কারিকুরি করতে করতেই। এক দিনে তো পারবেন না, ডেভিস পথটা পাড়ি দেবেন তিন দিনে। কিন্তু হঠাৎ এমন খেয়াল মাথায় চাপল কেন? ইংলিশ ফুটবলের কালো অধ্যায় হিলসবরোকে স্মরণ করতেই ডেভিসের এই উদ্যোগ। ১৯৯৬ সালে হিলসবরো দুর্ঘটনায় ৯৬ জন মারা গিয়েছিলেন। শেফিল্ডের ওই ম্যাচটি হয়েছিল লিভারপুল-নটিংহামফরেস্টের মধ্যে। ডেভিস নিজে অবশ্য এভারটন সমর্থক। তবে হিলসবরো দুর্ঘটনায় কিছু করার জন্য দুই বছরের জন্য পরিকল্পনা করছিলেন। এবার সেটা বাস্তবে করে দেখানোর পালা। লিভারপুল ইকো।
বন্ধু, না শত্রু?
নোভাক জোকোভিচের মাথায় হয়তো এখন একটা গানই ঘুরছে, ‘বন্ধু, তোমার পথের সাথিকে চিনে নিয়ো’। নিজের সবচেয়ে কাছের বন্ধুদের একজন ইভান লুবিচিচ। অথচ সেই বন্ধুই এখন জোকোভিচকে হারানোর ছক কষছেন! ৩৬ বছর বয়সী লুবিচিচ একসময় তিন নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন, তবে খেলা ছেড়েছেন আগেই। এবার রজার ফেদেরারের কোচ হিসেবে কাজ করবেন। ঘোষণাটা আসার পরেই শুরু হয়ে গেল ফিসফাস, তাহলে কি জোকোভিচকে হারানোর জন্যই ফেদেরার এই চাল চেলেছেন। শত হলেও জোকোভিচের খুব কাছের বন্ধু লুবিচিচ, তাঁর হাঁড়ির অনেক খবরই রাখেন। আর গ্র্যান্ড স্লামে সর্বশেষ পাঁচ দেখায় ফেদেরার মাত্র একবার হারাতে পেরেছেন জোকোভিচকে। অস্ট্রেলিয়া ওপেনের আগে কিছু গোপন খবর তো জানা দরকারই। জোকোভিচ অবশ্য মনে করিয়ে দিয়েছেন, তাঁরা সবাই পেশাদার। তারপরও কি মনের গহিনে একটু খচখচ করবে না? এএফপি।