অন্যকলাম
র্যাম্বো ইব্রা
অবয়বে যেমন, তেমনি ইব্রাহিমোভিচের কথা বলার ধরন আর চালচলনেও কোনো অ্যাকশন-মুভির নায়কের ভাব ফুটে ওঠে। প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকারের জীবনী কয়েকবারই উঠে এসেছে রুপালি পর্দায়। তিনি নিজে ক্যামেরার সামনে দাঁড়াবেন, সেটিও হয়তো এখন সময়ের ব্যাপার। তবে সে ক্ষেত্রে ছোট্ট একটা শর্ত আছে ‘বিগ সুইডে’র। তাঁর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র হতে হবে কয়েকটা পর্বে, অনেকটা বিখ্যাত সিনেমা র্যা ম্বো-এর মতো। সুইডিশ পত্রিকা ড্যাগেনস ইন্ডাস্ট্রিকে স্বভাবসুলভ রসিকতার সুরে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘অনেকেই আমার জীবন নিয়ে সিনেমা বানাচ্ছে, টাকাও কামিয়ে নিচ্ছে। কিন্তু চিত্রনাট্যের মূল বিষয় যদি আমি হই, তাহলে তাতে আমার নিয়ন্ত্রণ থাকতে হবে।’ নিয়ন্ত্রণ থাকলে কী করবেন, সেটিও জানিয়ে দিলেন, ‘কথাবার্তা চলছে। আমাকে নিয়ে অনেক ছবিই বানানো যাবে। অনেকটা র্যা ম্বো-এর মতো, সেখানে যেমন ১ থেকে ৫ পর্ব ছিল, এখানেও তেমনি ইব্রা-কা-ড্যা-ব্রা ১ থেকে ১০ পর্যন্ত থাকতে হবে!’ ইএসপিএন।
অনাহূত
বিয়েটা হবে ১৭ এপ্রিল। তার আগের রাতে ব্যাচেলর পার্টি। রবীন্দ্র জাদেজার সেই বিয়ে আর ব্যাচেলর পার্টিতে অতিথি তালিকাটাও কম লম্বা নয়। কিন্তু জাদেজা যে সতীর্থ মহেন্দ্র সিং ধোনি আর সুরেশ রায়নাকেই দাওয়াত দেননি! ভারতীয় একটি টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় এই তথ্যটা দিয়েছেন স্বয়ং জাদেজাই। কিন্তু কেন? ধোনি আর রায়নার সঙ্গে কি তাঁর সম্পর্কটা খারাপ যাচ্ছে ইদানীং? আসলে ঘটনা উল্টো। সতীর্থদের মধ্যে ধোনি আর রায়নাই জাদেজার সবচেয়ে কাছের বন্ধু। একেবারে হরিহর আত্মা যাকে বলে। আর এমন বন্ধুদের আলাদা করে দাওয়াত দিতে হয়। এঁরা তো এমনিতেই চলে আসবেন। বাকি সব সতীর্থকেই নিজে ফোন করে দাওয়াত দিয়েছেন বা সরাসরি বলেছেন। কিন্তু ধোনি আর রায়নাকে তাই কিছুই বলেননি জাদেজা। ওঁরা তো এমনিতেই আসবেন! জি নিউজ।