অন্যকলাম
ঘুষ না উপহার?‘এইসব উপহার লইয়া আমরা কী করিব?’ জিজ্ঞাসাটি সুরিনাম ফুটবল ইউনিয়নের (এসভিবি)। ছোট্ট দেশ সুরিনামই বড় ঝড়ের কেন্দ্রে আছে ফিফায় চলমান দুর্নীতিসংক্রান্ত তদন্তে। ফিফা সভাপতি নির্বাচনের আগে মোহাম্মদ বিন হাম্মামের পক্ষ থেকে ক্যারিবীয় ফুটবল ইউনিয়ন (সিএফইউ) একটি ল্যাপটপ, একটি বিমার এবং ৪০ হাজার মার্কিন ডলার ‘উপহার’ দেয় এসভিবিকে। কিন্তু এটাকে ‘ঘুষ’ বলতে নারাজ এসভিবির প্রধান লুইস জিসকাস, ‘আমরা ছোট, অভাবী দেশ; কিন্তু কোনো অবস্থাতেই ঘুষ নেওয়ার পক্ষে নই।’ ফিফার নৈতিক কমিটির কাছে এসভিবির প্রশ্ন, উপহার হিসেবে পাওয়া এসব জিনিস এখন কী হবে? নৈতিক কমিটি বলেছে অপেক্ষা করতে। এএফপি।বৈষম্যএই পরিস্থিতিতে কী হয়, কী করা উচিত সেসব যদি জানতে চান, সাইমন ক্যাটিচ শহীদ আফ্রিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আফ্রিদিকে ছাঁটাইয়ের পর পাকিস্তানে যা হচ্ছে, তারই কিছু কিছু আলামত দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়ও! ক্যাটিচকে চুক্তি থেকে বাদ দেওয়ার প্রসঙ্গটি গিয়ে পড়েছে অস্ট্রেলিয়ার রাজনীতির কোর্টে। খোদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ পর্যন্ত কড়া সমালোচনা করেছেন জাতীয় নির্বাচকদের। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকেরা প্রায়ই পশ্চিম অস্ট্রেলিয়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে বলে দাবি করেছেন স্মিথ। যুক্তিও আছে তাঁর কথায়, ‘এই ছেলেটা গত ৩০ টেস্টে ৩ হাজারের মতো রান করেছে। পঞ্চাশের ওপর গড়। পন্টিং আর মাইক হাসির চেয়েও ভালো। তার পরও ওকে বাদ দেওয়া হলো!’ ওয়েবসাইট।ফেদেরার জিতলেকদিন পরই শুরু হচ্ছে উইম্বলডন। এবারও রজার ফেদেরার শিরোপা জিতলে কী হবে? সেটি হবে তাঁর এই কোর্টে সপ্তম শিরোপা জয়। আর কী হবে? নিক নিউলাইফ নামের এক জুয়াড়ি জিতে যাবেন ১ লাখ পাউন্ডের বিশাল এক বাজি। অবশ্য সেই বাজির টাকা উপভোগ করা হবে না নিউলাইফের। ‘লাইফ’টাই যে নেই তাঁর, ৫৯ বছর বয়সে মারা গেছেন ২০০৯ সালে। কিন্তু এই জুয়াড়ি সেই ২০০৩ সালে বাজি ধরেছিলেন, ফেদেরার সপ্তম উইম্বলডন জিতবেন। তখন বাজির দর ছিল ৬৬/১। বহু আগে ধরা মাত্র ১৫২০ পাউন্ডের সেই বাজিটাই এখন ১ লাখ পাউন্ড জেতার রোমাঞ্চকর সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। অবশ্য এই টাকা নিউলাইফের উত্তরসূরিরাও পাবেন না। ফেদেরার জিতলে সেই টাকা চলে যাবে দাতব্য কাজে। ওয়েবসাইট।